বগুড়া আর্মি মেডিকেল কলেজ পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নবচেতনা স্বাস্থ্য ডেস্ক : বগুড়া আর্মি মেডিকেল কলেজ পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

শনিবার বিকেলে কলেজটি পরিদর্শন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। এ সময় স্বাস্থ্য খাতে মানসম্মত ও দক্ষ চিকিৎসক তৈরিতে এই মেডিকেল কলেজটির ভূমিকা তুলে ধরা হয়। কলেজটিতে ধাপে ধাপে শিক্ষার্থী ভর্তির আসনসংখ্যা বৃদ্ধির বিষয়ে আশ্বাস দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বগুড়া সেনানিবাসে আয়োজিত সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেন এম এ মুহিত।

বগুড়া আর্মি মেডিকেল কলেজ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী প্রতিষ্ঠানটির শিক্ষক, চিকিৎসক এবং শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

এ সময় তিনি দেশের স্বাস্থ্য খাতে মানসম্মত ও দক্ষ চিকিৎসক তৈরিতে এই মেডিকেল কলেজটির ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

মতবিনিময় সভায় কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রতিষ্ঠানের ক্রমবর্ধমান চাহিদা ও সক্ষমতার কথা তুলে ধরে শিক্ষার্থী আসনসংখ্যা বাড়ানোর দাবি জানানো হয়। জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করে ধাপে ধাপে আসন বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

পরে কলেজের জ্যেষ্ঠ চিকিৎসক ও কর্মকর্তারা প্রতিমন্ত্রীকে ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভবন ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা ঘুরিয়ে দেখান।

আর্মি মেডিকেল কলেজে যাওয়ার আগে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বগুড়া সেনানিবাসের ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে তিনি হাসপাতালের সামগ্রিক চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে কথা বলেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন আর্মি মেডিকেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম আজাদ, আর্মি মেডিকেল কলেজের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব,) মো. সোহরাব হোসাইন এবং বগুড়া সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউল করিম প্রমুখ।
নবচেতনা/এআর