নবচেতনা লাইফস্টাইল ডেস্ক : হালকা শীত পড়লেই মাথার চুল আগের চেয়ে বেশি পরিমাণে পড়তে শুরু করে। ফ্লোর, ওয়াশরুম এমনকি জামা কাপড়েও চুল পড়ে থাকে। কারণ শীতে চুল ও মাথার ত্বক শুষ্ক হয়ে যায়। এতে বাড়ে চুলকানি ও খুশকির সমস্যা। তাই চুল ভালো রাখতে এই সময়ে কিছু ভুল করা যাবে না।
খুব গরম পানিতে চুল ধোওয়া
শীতের সকালে গরম পানিতে গোসল করতে ভালো লাগলেও চুলের জন্য অতিরিক্ত গরম পানি একেবারেই ভালো নয়। এতে মাথার ত্বকের স্বাভাবিক তেল কমে গিয়ে ত্বক আরও শুষ্ক হয়ে পড়তে পারে। তাই চুল ধোয়ার সময় হালকা গরম পানি ব্যবহার করুন। প্রতিদিন শ্যাম্পু করার প্রয়োজন নেই। চুল ও মাথার ত্বকের ধরন বুঝে শ্যাম্পু করার অভ্যাস তৈরি করুন।
মাথার ত্বকেরও যত্ন না নেয়া শীতে অনেকের মাথার ত্বক শুষ্ক হয়ে যায়। শুরু হয় চুলকানি, খুশকি এবং চামড়া ওঠার সমস্যা। তাই চুলের পাশাপাশি স্ক্যাল্পের যত্ন নেওয়াও জরুরি। নিজের মাথার ত্বকের উপযোগী মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন। চুলকানি হলে নখ দিয়ে মাথা চুলকাবেন না। আবার মাথায় সাদা সাদা খোসা উঠলেই তেল মাখতে শুরু করবেন না। কারণ শুষ্ক স্ক্যাল্প আর খুশকি দেখতে একই রকম হলেও দুটির যত্নের পদ্ধতি আলাদা হতে পারে।
ভেজা চুল আঁচড়ানো
গোসলের পর ভেজা চুল খুব সহজেই জট পাকিয়ে যায়। তখন চিরুনি দিয়ে জোরে আঁচড়ালে চুল ছিঁড়ে যেতে পারে। তাই বড় দাঁতের চিরুনি ব্যবহার করুন এবং ধীরে ধীরে জট ছাড়ান। পাশাপাশি হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার বা অন্যান্য হিট স্টাইলিং যন্ত্রের ব্যবহার কমান। অতিরিক্ত তাপে চুল আরও রুক্ষ ও শুষ্ক হয়ে যেতে পারে।
কন্ডিশনার ব্যবহার না করা
অনেকেই শ্যাম্পু করার পর চুলে কন্ডিশনার ব্যবহার করেন না। এতে চুল রুক্ষ হয়ে যায়। চুলের মাঝের অংশ থেকে আগা পর্যন্ত কন্ডিশনার লাগালে কোমল থাকবে চুল। চুল খুব বেশি জট পাকালে লিভ-ইন কন্ডিশনারও কাজে আসতে পারে। মাঝে মধ্যে হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। তবে একসঙ্গে অনেক রকম প্রোডাক্ট ব্যবহার না করে চুলের ধরন বুঝে প্রয়োজনীয় জিনিস বেছে নিন।
খাবার ও অভ্যাসেও নজর না দেয়া
সঠিক খাদ্যভ্যাসের অভাবেও চুল ঝরে। শুধু বাইরে থেকে যত্ন নিলেই চুল ভালো থাকবে, এমনটা নয়। খাবারের দিকেও নজর দেওয়া জরুরি। প্রতিদিনের ডায়েটে পর্যাপ্ত প্রোটিন ও শাকসবজি রাখুন। পর্যাপ্ত পানি পান করুন এবং ঠিকমতো ঘুমান। চুল ভেঙে যাওয়ার সমস্যা থাকলে খুব শক্ত করে চুল বাঁধবেন না। বিশেষ করে কপালের কাছের চুলে টান পড়ে এমন হেয়ারস্টাইল এড়িয়ে চলুন।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
নবচেতনা/এআর

