অসময়ে ব্রহ্মপুত্রের থাবা, সুখেরবাতি গ্রামে আতঙ্ক


নবচেতনা প্রতিবেদক: গ্রামের নাম সুখেরবাতি। অসময়েই গ্রামটির ওপর ক্ষেপে ‍উঠেছে ব্রহ্মপুত্র। তীর ঘেঁষে বয়ে চলা তীব্র স্রোত থাবা মেলছে গ্রামের ফসলি জমি আর বসতভিটা। এরইমধ্যে বসতভিটা হারিয়েছে অনেক পরিবার। সেসব পরিবারের সদস্যরা আশ্রয় নিচ্ছে অন্যের জমিতে, সড়কের পাশে।স্থানীয়রা জানান, কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের এই গ্রামটি গড়ে ওঠে প্রায় ৭০ বছর আগে

দুর্গম এলাকাটিতে যাতায়াতসহ নানা ভোগন্তি ছিল। তবে জমিতে পলি পড়ে ধীরে ধীরে ফসল ভালোই ফলছিল। একপর্যায়ে গত দেড় বছরে অব্যাহত ভাঙনে হারিয়ে যাওয়ার হুমকিতে পড়েছে এই গ্রাম।

সোমবার (৯ নভেম্বর) সকালে সরেজমিনে সুখেরবাতি গ্রামে গিয়ে দেখা যায়, নদের ভাঙনের মুখে থাকা ঘববাড়ি ও আসবাপত্র সরিয়ে নিচ্ছেন কেউ কেউ।

জমি থেকে আধাপাকা ধান কেটে নিয়ে যাচ্ছেন কৃষকরা।স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, এরইমধ্যে ভিটেমাটি হারিয়েছে চার শতাধিক পরিবার। বিলীন হয়েছে দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানও। প্রায় দুই হাজার একর ফসলি জমি ও কয়েকটি বাগান নদীতে বিলীন হয়েছে বলেও জানান তারা।

স্থানীয় জনপ্রতিনিধিরা আরো জানান, ভাঙনের মুখে পড়া পরিবারগুলোর কেউ কেউ অন্য গ্রামে চলে গেছেন।

কেউ মাথা গুঁজে পড়ে আছেন এখনো। কারো আশ্রয় হয়েছে সড়ক ও বাঁধের ঢালে। বর্তমানে বর্ষা মৌসুম চলে গেলেও ভাঙন থামছে না। অনেক কৃষক শেষ সম্বলটুকু রক্ষায় আধাপাকা ধান কেটে নিয়ে যাচ্ছেন।
এলাকাবাসীর অভিযোগ, এত ভাঙন ও সম্পদহানির পরও ভাঙন রোধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। গত কয়েক বছরে অপরিকল্পিতভাবে জিও ব্যাগ ফেলা হলেও শেষ রক্ষা হয়নি বলে জানান তারা।

সুখেরবাতির বাসিন্দা সিরাজুল ইসলামের ভাষ্য, ‘জাগা জমিন নাই, কই যামু? নদীপারে পইর‌্যা রইছি। ঘর ভাঙলেও কিছু করার নাই।’ একই অবস্থা হাফিজুল ইসলামের। ঝুঁকি নিয়ে নদীপারে ঘর সরিয়ে অস্থায়ী বসত গড়েছেন তিনি।

একই গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম ও আফসার আলী বলেন, ঘরবাড়ি সরিয়ে নিয়েও স্বস্তি নেই। যেটুকু আবাদি জমি ছিল, তাও চলে যাচ্ছে নদীগর্ভে। ভাঙনের তীব্রতার মুখে কাঁচা আর আধাপাকা ধান কাটতে হচ্ছে।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আনছার আলী তুহিন বলেন, চর শৌলমারী ইউনিয়নের সুখেরবাতি গ্রাম ছাড়াও ঘুঘুমারি, সোনাপুর,নামাজের চর এলাকায় চলছে ব্রহ্মপুত্র নদের ভাঙন। ভাঙন রোধে কার্যকর উদ্যোগ না থাকায় চেয়ে দেখা ছাড়া গ্রামবাসীর করার কিছু নেই।

রৌমারীর চর শৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, গত দেড় বছরে সুখেরবাতি গ্রামে ৪০০ পরিবার গৃহহীন হয়েছে। দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, শুকনো মৌসুমে ভাঙনরোধে জরুরি কাজের কোনো বরাদ্দ নেই। তবে সুখেরবাতি গ্রামসহ রৌমারী উপজেলায় প্রায় ৬১০ কোটি টাকার ১৬ দশমিক ৩০৫ কিলোমিটার দৈর্ঘ্যের স্থায়ী তীর রক্ষায় একটি প্রকল্প পাঠানো হয়েছে। একনেকে পাশ হলে কাজ শুরু করা সম্ভব হবে।
নবচেতনা/এআর