নরসিংদীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন


মো. শফিকুল ইসলাম মতি, নরসিংদী : নরসিংদীতে বিতর্কিত বক্তা গিয়াসউদ্দিন আত-তাহেরীকে কেন্দ্র করে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা এবং অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মুফতি আনোয়ার হোসাইন চিশতী।
সোমবার দুপুরে নরসিংদী জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ২০১৩ সালে রায়পুরার অলিপুরায় আত-তাহেরীর বক্তব্যকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত ও প্রায় ৫০ জন আহত হন। ভাঙচুর করা হয় ২০টি বাড়িঘর। ওই ঘটনার পর রায়পুরা ও বেলাব উপজেলায় তাঁর মাহফিল নিষিদ্ধ করা হয় বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, গত ৫ নভেম্বর বেলাবের নারায়ণপুরে ইসলামী মহাসম্মেলনকে কেন্দ্র করে আত-তাহেরীর অনুসারীরা পাল্টা মাহফিলের প্রচার চালালে উত্তেজনা সৃষ্টি হয়। প্রশাসনের মধ্যস্থতায় বৈঠকের পর তাঁদের মাহফিল প্রত্যাহার করা হলেও পরবর্তীতে আলাদা মাহফিল আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং নরসিংদী জেলায় আত-তাহেরীর মাহফিল বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ আওয়াল, সম্পাদক স্বজল ভূঁইয়া, সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম মতি, সাং আশিকুর রহমান, মইন উদ্দীন সরকারসহ বিভিন্ন মাদ্রাসার আলেম, হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।