গোবিন্দগঞ্জে বেদখল হওয়া জমি উদ্ধার করে বুঝিয়ে দিল আদালত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : দীর্ঘ আইনি লড়াইয়ের পর গাইবান্ধা গোবিন্দগঞ্জে অসহায় পরিবারের বেদখল হওয়া জমি ঢোল পিটিয়ে উদ্ধার করে বুঝিয়ে দিয়েছে আদালত।
রবিবার (৮ নভেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ সিনিয়র সিভিল জজ (চৌকি) আদালতের প্রতিনিধিদল স্থানীয় লোকজনের উপস্থিতিতে জমি বুঝিয়ে দেন ভুক্তভোগী পরিবারকে। এতে ভুক্তভোগী পরিবারের পাশাপাশি সন্তুষ্টি প্রকাশ করে এলাকাবাসী।
উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর ও তারদহ মৌজায় খাঁ পাড়া এলাকার মোখলেছুর রহমান দিং এর জমি দখল করে তার প্রতিবেশী ছকিনা খাতুন দিং এর পরিবার।
৮৯.৪১ শতক জমি দীর্ঘদিন যাবৎ দখল করে নেয় ছকিনা খাতুন দিং। জমিগুলো নিজেদের দাবি করে ভোগদখল করলে আদালতে ১৯৬/২০০০ সালে বাটোয়ারা মামলা করেন। আদালত বিচারিক কার্যক্রম শেষে বিবাদীপক্ষে জমির মালিকানার রায় ঘোষণা করে। আদালত বাদীপক্ষকে জমির দখল ছেড়ে দিতে বললেও না ছাড়ায় দখল বুঝে পেতে পুনরায় ২০২৬ সালের ২০ মে আদালতে মামলা করা হয়। সেই মামলায় গোবিন্দগঞ্জ সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক সিভিল জজ (ভারপ্রাপ্ত) লিমন হোসেন দখল বুঝিয়ে দিতে তারিখ নির্ধারণ করে আদেশ দেন। সেই প্রেক্ষিতে রবিবার নাজির আব্দুল ওয়াদুদ আকন্দ, সেরেস্তাদার ওয়ারেছুর রহমান, জারিকারক মামুনুর রশিদ, আতিকুর রহমান ও অফিস সহকারী মোশারফ হোসেন আদালতের আদেশ বাস্তবায়ন করতে পুলিশ ফোর্স নিয়ে এলাকায় যান। দুপুর ২টার দিকে জমির সীমানার চারদিকে লাল নিশান টানিয়ে ঢোল পিটিয়ে জমি বুঝিয়ে দেওয়া হয়। তপশীল বর্ণিত জোত হতে বাদীর প্রাপ্ত সম্পত্তি বকচর মৌজায় জে.এল নং- ২৬০, সি.এস খং নং- ২৭৪, ১৯৬, ২০৭, ২৫৯, ১৭৪ ও আর.এস খং নং- ২৭১, ২৭২, ২০০, ১৭০ এবং তারদহ মৌজায় জে.এল নং- ২৫৮ ও সিএস খং নং- ১৭৬, ৫৫৭, ৪৮৯ এর ৪৫২ দাগে ১৫ শতকে ১ শতক, ৪৫৫ দাগে ৩৮ শতকে ৬ শতক, ৪৪৯ দাগে ৫০ শতকে ১৮ শতক, ৪৬৫ দাগে ২২ শতকে ৫ শতক, ৪৬০ দাগে ২২ শতকে ৩ শতক, ৪৪৬ দাগে ৬৩ শতকে ১৯.৪১ শতক, ১৭৩ দাগে ২৮ শতকে ৮ শতক, ৮৬ দাগে ৬২ শতকে ২৭ শতক এবং ১৩ দাগে ১৬ শতকে ২ শতক সহ মোট ৮৯.৪১ শতক জমি।
দীর্ঘদিন আইনি লড়াই শেষে জমি ফেরত পেয়ে খুশি মোখলেছুর রহমানের ছেলে ঠান্ডা মিয়া। তিনি বলেন, ৮৯.৪১ শতক জমি জোরপূর্বক ওরা লোকজন নিয়ে দখল করে নেয়। আমরা আইনের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছি। আমাদের ওপর যেন আর কোনো অত্যাচার নেমে না আসে প্রশাসনের কাছে সেই সহযোগিতা চাই।
স্থানীয় বাসিন্দা শামসুদ্দিন ভেলা বলেন, পরিবারটি অসহায় হওয়ার কারণে জোরপূর্বক জমিগুলো দখলে নিয়ে নেয় প্রভাশালীরা। তাদের অত্যাচারের ভয়ে কেউ প্রতিবাদও করতে পারেনি। কিন্তু আদালত উপযুক্ত বিচার করেছে।