নবচেতনা জীবনযাপন ডেস্ক : সারা রাত ঘুমের পর মস্তিষ্কের মেজাজ ও কার্যকারিতা ঠিক রাখতে সকালের প্রথম খাবারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুষ্টিবিদদের মতে, সব খাবার স্মৃতিশক্তি ও মনোযোগের ওপর সমান প্রভাব ফেলে না।
অতি-প্রক্রিয়াজাত বা উচ্চ-চিনিযুক্ত খাবার মানসিক অবক্ষয় ঘটাতে পারে, অন্যদিকে সঠিক পুষ্টিসমৃদ্ধ খাবার সারা দিন সজাগ থাকতে সাহায্য করে। চলুন, জেনে নেই মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে এমন ৫টি খাবার সম্পর্কে।
আখরোট
২০২৫ সালের একটি গবেষণায় দেখা গেছে, ১৮ থেকে ৩০ বছর বয়সের তরুণরা আখরোট-সমৃদ্ধ নাশতা খাওয়ার পর দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং সারা দিন তাদের স্মৃতিশক্তির কার্যকারিতা ভালো ছিল। ওটমিল, দইয়ের সঙ্গে এক মুঠো আখরোট মিশিয়ে সহজেই সকালের নাশতায় এটি খাওয়া যায়।
ব্লুবেরি
ব্লুবেরি সব বয়সের মানুষের জন্যই একটি স্মৃতিশক্তি বর্ধক খাবার। ২০২৪ সালের ১৩টি গবেষণার একটি পর্যালোচনায় দেখা গেছে, শিশুদের ব্লুবেরি খাওয়ার পর একই দিনের স্মৃতিশক্তি ছয় ঘণ্টা পর্যন্ত উন্নত হয়। এ ছাড়া মৃদু জ্ঞানীয় দুর্বলতায় ভোগা বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রেও এটি বেশ উপকারী।
ডিম
সকালের নাশতার জনপ্রিয় প্রোটিন ডিম মস্তিষ্কের জন্য অত্যন্ত প্রয়োজনীয় পুষ্টি উপাদান ‘কোলিন’-এর একটি সমৃদ্ধ উৎস।
কোলিন মস্তিষ্কের স্মৃতি ও শেখার সঙ্গে জড়িত নিউরোট্রান্সমিটার উৎপাদনে সরাসরি ভূমিকা রাখে। ২০২৩ ও ২০২৫ সালের বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নিয়মিত ডিম খেলে মৌখিক স্মৃতিশক্তি, কথা বলার সাবলীলতা এবং তথ্য প্রক্রিয়াকরণের গতি উন্নত হতে পারে।
মাশরুম
সকালের নাশতায় মাশরুম রাখলে তা দীর্ঘ সময় মেজাজ স্থিতিশীল রাখতে এবং মানসিক ক্লান্তি কমাতে সাহায্য করে। ২০২৬ সালের একটি গবেষণায় দেখা গেছে, প্রায় এক কাপ তাজা মাশরুম খাওয়ার ফলে প্রায় ছয় ঘণ্টা পর্যন্ত মানসিক ক্লান্তি কমে। এ ছাড়া দীর্ঘমেয়াদি গবেষণায়ও এর ইতিবাচক প্রভাব দেখা গেছে।
এটি অলিভ অয়েলে ভেজে, অমলেটের সঙ্গে বা টোস্টের ওপর দিয়ে খাওয়া যায়।
অ্যাভোকাডো
অ্যাভোকাডোতে থাকা লুটেইন নামক অ্যান্টি-অক্সিডেন্ট মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। গবেষণায় দেখা গেছে, নিয়মিত অ্যাভোকাডো খাওয়ার ফলে কার্যনির্বাহী স্মৃতিশক্তি (ওয়ার্কিং মেমরি), সমস্যা সমাধানের দক্ষতা এবং দীর্ঘস্থায়ী মনোযোগের উন্নতি ঘটে। এর স্বাস্থ্যকর ফ্যাট ও ফাইবার রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতেও সাহায্য করে।
নবচেতনা/এআর
