চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

চার দিনের সরকারি সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হুমায়ুন কবির বলেন, জাপান সফরে বাংলাদেশের প্রধান লক্ষ্য হবে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করা, অর্থনৈতিক অংশীদারত্ব সুদৃঢ় করা এবং বিনিয়োগ বাড়ানো। এ ছাড়া বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়েও আলোচনা হবে।

তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে নির্দিষ্ট খাতে পারস্পরিক বিনিয়োগ ও সহযোগিতার ভিত্তিতে অংশীদারত্ব গড়ে তুলতে চায়। অন্য দেশের ওপর নির্ভরশীল না হয়ে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়াই এ উদ্যোগের লক্ষ্য।

জাপানকে বাংলাদেশের অন্যতম বৃহৎ ও দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশটির বিনিয়োগে বাস্তবায়িত কয়েকটি বড় প্রকল্প দুই দেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি জানান, গত এপ্রিলে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জ্বালানি সংকট ও সরবরাহের স্থিতিশীলতা নিয়ে জাপানের উদ্যোগে আয়োজিত একটি অনলাইন সম্মেলনে অংশ নেন। সেখানে তিনি আঞ্চলিক দেশগুলোর সম্মিলিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। এ অংশগ্রহণ জাপান সরকারের কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি আস্থা বাড়াতে সহায়তা করেছে।

হুমায়ুন কবির বলেন, আসন্ন সফরে বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি পারস্পরিক বিনিয়োগের নতুন সুযোগ নিয়েও বিস্তারিত আলোচনা হবে।

সৌদি আরব সফরেও যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবের যুবরাজ তারেক রহমানকে দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। শিগগিরই পারস্পরিক সুবিধাজনক সময়ে তিনি সৌদি আরব সফর করবেন।

উল্লেখ্য, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ যৌথভাবে সেমিনারটির আয়োজন করে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় সচিব ড. মু. নজরুল ইসলাম এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মো. মোখতার আহমেদ। এ ছাড়া বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী বক্তব্য দেন।