নিজস্ব প্রতিবেদক, সিলেট
শ্রমিকদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, অসুস্থ ও দুর্ঘটনায় আহত শ্রমিকদের চিকিৎসার পাশাপাশি শ্রমিক পরিবারের মেধাবী সন্তানদের পড়াশোনার খরচ বহনেও সরকার সহযোগিতা করবে।
শনিবার (১০ অক্টোবর) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ৩৪তম পরিচালনা বোর্ডের সভায় অনুমোদিত আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অসুস্থ ও দুর্ঘটনায় আহত বা নিহত শ্রমিক এবং তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
শ্রমমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শ্রমিকদের চিকিৎসা, তাঁদের সন্তানদের শিক্ষা এবং জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এ সহায়তা শ্রমিকদের দুর্দিনে সরকারের পাশে থাকার প্রতীক।
তিনি জানান, রিকশাচালকসহ বিভিন্ন পেশার শ্রমিকেরা কঠিন রোগে আক্রান্ত হলে নির্ধারিত পদ্ধতিতে আবেদন করে এ সহায়তা পেতে পারেন। জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ইউনিয়নের মাধ্যমে আবেদন করলে যাচাইপ্রক্রিয়া সহজ ও দ্রুত হবে।
আর্থিক সংকটে মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া ঠেকাতে সরকার গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, শ্রমিক পরিবারের মেধাবী সন্তানদের ফলাফল ও যোগ্যতা যাচাই করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। যোগ্য শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, এমনকি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ব্যয় বহনেও সহযোগিতা করা হবে, যাতে তাঁরা ভবিষ্যতে চিকিৎসক, প্রকৌশলীসহ দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠতে পারেন।
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিকী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. শামসুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা।
