আশরাফ আলী হাওলাদার
নারায়ণগঞ্জ, ১০ অক্টোবর ২০২৬: ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচিতে নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে. এম. মহিউদ্দিনসহ বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও আইনজীবীরা অংশ নেন। কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল আদালত প্রাঙ্গণ ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা এবং সংশ্লিষ্ট সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।
কর্মসূচির অংশ হিসেবে আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় জমে থাকা পানি ও মশার প্রজনন উপযোগী স্থান শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি পরিত্যক্ত ও অপ্রয়োজনীয় সামগ্রী অপসারণ করা হয়।
জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কর্মসূচি চলাকালে একটি সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এতে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়।
লিফলেটে ফুলের টব, প্লাস্টিকের পাত্র, বালতি, পরিত্যক্ত টায়ার, ড্রাম, মাটির পাত্র, টিনের কৌটা ও অন্যান্য পরিত্যক্ত সামগ্রীতে জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তারের ঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়। এসব পাত্র নিয়মিত পরিষ্কার করা এবং বাড়ি, ছাদ, বারান্দা, বেজমেন্ট, সিঁড়ি ও আশপাশে কোথাও পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি অপসারণ, বর্ষাকালে ছাদ ও অন্যান্য স্থানে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়। মশার কামড় থেকে সুরক্ষায় সতর্কতা অবলম্বন, বিশেষ করে শিশু, বয়স্ক, গর্ভবতী নারী ও অসুস্থ ব্যক্তিদের প্রতি বিশেষ যত্ন নেওয়া এবং ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়েও সচেতন করা হয়।
কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ কর্মস্থল, বাসস্থান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। ডেঙ্গু প্রতিরোধে শুধু সাময়িক অভিযান নয়, বরং নিয়মিত পরিচ্ছন্নতা, দায়িত্বশীল আচরণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
নারায়ণগঞ্জ জেলা বিচার বিভাগ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, আইনজীবী ও পরিচ্ছন্নতাকর্মীদের সম্মিলিত অংশগ্রহণে এ কর্মসূচি ডেঙ্গু প্রতিরোধে প্রাতিষ্ঠানিক দায়িত্বশীলতা ও জনস্বাস্থ্য সুরক্ষার বার্তা তুলে ধরে।
