নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও শৃঙ্খলা নিশ্চিত করতে FWCMS-ভুক্ত মেডিকেল সেন্টারগুলোর জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকায় মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
নির্দেশনায় বলা হয়েছে, ডিমান্ড লেটারে উল্লেখিত কর্মীর সংখ্যার ভিত্তিতে মেডিকেল স্লিপ ইস্যু করতে হবে। তবে নির্ধারিত সংখ্যার সর্বোচ্চ ৫ শতাংশ বেশি স্লিপ ইস্যু করা যাবে। এর বাইরে অতিরিক্ত কর্মী পাঠানোর উদ্দেশ্যে কোনো মেডিকেল সেন্টার নিজ উদ্যোগে স্লিপ ইস্যু করতে পারবে না।
প্রতিটি মেডিকেল সেন্টারকে প্রতিদিন সম্পন্ন করা পরীক্ষার ব্যক্তিভিত্তিক বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত ও সংরক্ষণের পাশাপাশি অনলাইনে মন্ত্রণালয়ে পাঠাতে হবে। প্রতিবেদনে প্রার্থীর নাম, পাসপোর্ট নম্বর, ভিসা নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে উল্লেখ করতে হবে।
নির্দেশনায় মেডিকেল পরীক্ষার ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর অতিরিক্ত কোনো অর্থ প্রার্থীদের কাছ থেকে আদায় করা যাবে না। একই কর্মীকে ইচ্ছাকৃতভাবে আনফিট ঘোষণা করে অপ্রয়োজনীয়ভাবে একাধিকবার পরীক্ষা করানো যাবে না। পাশাপাশি ভুয়া বা জাল মেডিকেল প্রতিবেদন তৈরি, প্রদান কিংবা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, বাংলাদেশে মেডিকেল পরীক্ষায় ফিট ঘোষিত হওয়ার পর কোনো কর্মী মালয়েশিয়ায় পৌঁছে নিয়োগপ্রাপ্ত হওয়া পর্যন্ত মেডিকেল পরীক্ষায় আনফিট ঘোষিত হলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারকে তাঁর দেশে ফেরত পাঠানোসহ যাবতীয় ব্যয় বহন করতে হবে।
প্রতিটি মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি, পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জাম ও পর্যাপ্ত চিকিৎসাসেবা-সংক্রান্ত সুযোগ-সুবিধা থাকতে হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান ও নির্ধারিত নিয়ম অনুসরণ করে পরীক্ষা সম্পন্ন করতে হবে। পাশাপাশি প্রার্থীদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা রাখতে হবে।
নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে, ‘মাইগ্রাম’ নামে কোনো অর্থ আদায় করা যাবে না। এসব শর্ত লঙ্ঘন করলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের জামানত বাজেয়াপ্ত, লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তা তদারকিতে মন্ত্রণালয় একটি শক্তিশালী মনিটরিং টিম গঠন করবে। এ ছাড়া প্রতিটি মেডিকেল সেন্টারের প্রবেশপথের সামনে দৃশ্যমান স্থানে বড় আকারের বিলবোর্ড স্থাপন করতে হবে।




