নিউমুরিং চুক্তিকে দেশ বিক্রির সঙ্গে তুলনা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

নিউমুরিং টার্মিনাল পরিচালনার চুক্তিকে দেশ বিক্রির সঙ্গে তুলনা করা সম্পূর্ণ অমূলক ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, এ চুক্তির কারণে বন্দরের কোনো কর্মী চাকরি হারাবেন না। বরং বন্দরের সক্ষমতা বাড়ার পাশাপাশি কর্মীদের পারিশ্রমিকও বাড়বে।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে সিলেট সিটি করপোরেশনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, নিউমুরিং টার্মিনাল পরিচালনার চুক্তির ফলে বন্দরের কার্যক্রমের সক্ষমতা বাড়বে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান পুনরুদ্ধারে সরকার কাজ করবে।

সিলেট বিমানবন্দরে দ্রুততম সময়ে প্যাকিং হাউস স্থাপনের কথাও জানান তিনি। এটি চালু হলে সিলেট থেকে শাকসবজি রপ্তানির নতুন সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য দেশের গর্ব। এ ঐতিহ্য বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।