নবচেতনা জীবনযাপন ডেস্ক : মিষ্টি খেতে ভালোবাসেন? সকালের নাশতার আগেই এক টুকরো রসগোল্লা, বরফি কিংবা সন্দেশ খাওয়ার অভ্যাস আছে অনেকের। আবার কেউ কেউ দুপুর বা রাতের খাবারের পর মিষ্টি না খেলে তৃপ্তিই পান না।
কিন্তু জানেন কি, দিনের কোন সময়ে মিষ্টি খাচ্ছেন, তার ওপরও নির্ভর করতে পারে রক্তে শর্করার মাত্রা কত দ্রুত বাড়বে? বিশেষজ্ঞরা বলছেন, খালি পেটে মিষ্টি খাওয়ার তুলনায় পরিপূর্ণ খাবার খাওয়ার পর অল্প মিষ্টি খেলে রক্তে শর্করা তুলনামূলক ধীরে বাড়তে পারে।
সম্প্রতি এ বিষয়ে হিন্দুস্তান টাইমসের সঙ্গে কথা বলেছেন মুম্বাইয়ের চিকিৎসক ডেভিড চ্যান্ডি। তার মতে, খালি পেটে মিষ্টি খেলে রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বেড়ে যেতে পারে। বিশেষ করে যাঁদের ডায়াবেটিস রয়েছে, তাদের ক্ষেত্রে বিষয়টি বেশি গুরুত্বের।
খালি পেটে মিষ্টি খেলে যা হয়
মিষ্টিতে শুধু চিনি থাকে না। রেসিপি অনুযায়ী ময়দা, সুজি ও দুধ থেকেও শরীরে কার্বোহাইড্রেট প্রবেশ করে। খালি পেটে এসব উপাদান গ্রহণ করলে রক্তে গ্লুকোজ দ্রুত বাড়তে পারে। তবে সুস্থ মানুষের শরীরে ইনসুলিন এই মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
অন্যদিকে ডায়াবেটিস রোগীদের শরীরে ইনসুলিনের ঘাটতি অথবা ইনসুলিন ঠিকমতো কাজ না করার কারণে রক্তে শর্করা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে।
দুপুরের খাবারের পর মিষ্টি
বিশেষজ্ঞের পরামর্শ, একেবারে খালি পেটে মিষ্টি না খেয়ে সুষম খাবারের পর অল্প পরিমাণে খাওয়া তুলনামূলক ভালো। কারণ ডাল, ওটস ও শাকসবজির মতো আঁশযুক্ত খাবার হজমের গতি কমাতে সাহায্য করে। পাশাপাশি ডাল, পনির, দই, ডিম ও মাছের মতো প্রোটিনসমৃদ্ধ খাবার পাকস্থলী থেকে খাবার বের হওয়ার গতি ধীর করে এবং ইনসুলিন নিঃসরণে ভূমিকা রাখে। ফলে খাবারের পর রক্তে গ্লুকোজ বাড়ার গতি কিছুটা নিয়ন্ত্রিত থাকতে পারে।
ঘি ও বাদাম দেয়া মিষ্টি কি নিরাপদ
অনেক মিষ্টিতে ঘি, বাদাম ও খোয়া ব্যবহার করা হয়। এসব উপাদানের চর্বি হজমের গতি কমিয়ে রক্তে গ্লুকোজের সর্বোচ্চ মাত্রায় পৌঁছানোর সময় পিছিয়ে দিতে পারে। কিন্তু এতে মিষ্টির কার্বোহাইড্রেট বা ক্যালরির পরিমাণ কমে না। বরং ইনসুলিন ব্যবহার করেন এমন ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে দেরিতে শর্করা বাড়াও সমস্যা তৈরি করতে পারে। তাই বেশি ঘি দেওয়া মিষ্টি খেলে শর্করা বাড়ার ঝুঁকি এড়ানো যায়, এমন ধারণা ঠিক নয়।
ডায়াবেটিস থাকলে কিভাবে খাবেন মিষ্টি?
বিশেষজ্ঞের পরামর্শ, মিষ্টিকে প্রতিদিনের খাবারের মোট কার্বোহাইড্রেটের হিসাবের মধ্যে রাখতে হবে। মিষ্টি খেলে প্রয়োজনে ভাত বা রুটির পরিমাণ সমন্বয় করা যেতে পারে। তবে দুটোই একসঙ্গে বাদ দেয়ার প্রয়োজন নেই। শাকসবজি ও প্রোটিনসমৃদ্ধ খাবার খাদ্যতালিকায় রাখা জরুরি।
সব মিলিয়ে, মিষ্টি খাওয়ার ক্ষেত্রে সময়ের পাশাপাশি পরিমাণ ও পুরো খাবারের ধরনও গুরুত্বপূর্ণ। তাই খালি পেটে মিষ্টি খাওয়ার অভ্যাস এড়িয়ে চলুন। সুষম খাবারের পর মাঝেমধ্যে অল্প মিষ্টি উপভোগ করুন। ডায়াবেটিস থাকলে নিজের রক্তে শর্করার অবস্থা ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবারের পরিকল্পনা করাই সবচেয়ে ভালো।
নবচেতনা/এআর


