ডেঙ্গুতে এক দিনে ৬ জনের মৃত্যু

নবচেতনা স্বাস্থ্য ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৭০ জন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই হিসাব গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ৬ জনের মধ্যে ঢাকা বিভাগেই তিনজন, ময়মনসিংহ বিভাগে দুজন এবং সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ৪৩৩ জন মারা গেছেন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৩৮ হাজার ৮৯৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ৯০০ জন। এছাড়া খুলনায় ২৯৪, চট্টগ্রামে ২৫২, বরিশালে ১৮৩, রাজশাহীতে ১৫৩, ময়মনসিংহে ৯৫, রংপুরে ৭১ ও সিলেটে ২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি বছর এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৪৪৯ জন। এ ছাড়া বর্তমানে দেশের হাসপাতালে ভর্তি রয়েছেন ৬ হাজার ১৭ জন।
নবচেতনা/এআর