ফেনী প্রতিনিধি : ফেনী জেলার নবাগত পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা মহোদয় পুলিশ লাইন্স হাই স্কুল, ফেনী এবং ফেনী জেলা পুলিশের পুলিশ লাইন্সস্থ বিভিন্ন শাখা আকস্মিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় পুলিশ লাইন্স হাই স্কুলের সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার পরিবেশ, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদান পদ্ধতি এবং প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশ এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় পুলিশ হাসপাতাল, রেশন স্টোর, মোটরযান শাখা, সি-স্টোর, ডি-স্টোর, মেস ও অস্ত্রাগারসহ পুলিশ লাইন্সস্থ বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট শাখার কার্যক্রম, দাপ্তরিক ব্যবস্থাপনা, মালামালের সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ, যানবাহনের ব্যবহার ও রক্ষণাবেক্ষণ, পুলিশ সদস্যদের চিকিৎসাসেবা এবং সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এ সময় পুলিশ সুপার সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রতিটি শাখার কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও জনবান্ধব করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি সরকারি সম্পদ ও সরঞ্জামের যথাযথ ব্যবহার, সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ফেনী: সম্মানিত প্রধান শিক্ষক, পুলিশ লাইন্স হাই স্কুল, ফেনী: সংরক্ষিত পুলিশ পরিদর্শক (আরআই) পুলিশ লাইন্স, ফেনীসহ সংশ্লিষ্ট শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




