সাহেদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি
ফেনী সদর উপজেলায় চুরির ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পরিচালিত অভিযানে চোরাই যাওয়া স্বর্ণালংকার ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৫টা থেকে ২১ অক্টোবর ২০২৬ তারিখ দুপুর সাড়ে ১২টার মধ্যে যে কোনো সময়ে ফেনী সদর উপজেলার ৭নং বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামের সাখাওয়াত হোসেন ওরফে সুজনের বসতঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরেরা। পরে ঘরের স্টিলের সিন্দুক ভেঙে নগদ ৪,৭৯,০০০ টাকা এবং ১ ভরি ৮ আনা ২ রতি ওজনের বিভিন্ন ধরনের স্বর্ণালংকার (মূল্য আনুমানিক ২,০০,০০০ টাকা) চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ প্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। ২৯ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফেনী পৌরসভাস্থ বারাহীপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় শিশু আসামি মুজাহেদুল ইসলাম তাহসিনকে (১৭ বছর ১০ মাস) গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার সহযোগীদের নিয়ে চুরির কথা স্বীকার করে।
পরে তার দেওয়া তথ্যমতে, নিজ বাড়ি থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার (যার বর্তমান ওজন ১ ভরি ২ আনা এবং মূল্য অনুমান ২,০০,০০০ টাকা) উদ্ধার করা হয়। এছাড়া চোরাইকৃত নগদ টাকা দিয়ে কেনা একটি নম্বরবিহীন টিভিএস (ঞঠঝ জধরফবৎ) ব্র্যান্ডের হলুদ রঙের মোটরসাইকেল জব্দ করা হয়।
আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে তার অপর সহযোগী ইসতিয়াক ইসলামকে (১৯) একই দিন রাত ৮টার দিকে ফেনী সদর উপজেলার গোবিন্দপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত উভয় আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ফেনী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে এবং জননিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
