সিরাজগঞ্জে মাদক মামলায় দুজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে একটি মামলায় ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর মামলায় ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (১৫ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ এর আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় প্রদান করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামচুজ্জোহা শাহানশাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় একজন উপস্থিত ছিলেন। অন্যজন পলাতক আছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মামুদপুর গ্রামের মৃত গোলজার হোসেন ব্যাপারির ছেলে শরিফুল ইসলাম (পলাতক) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ভবানিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে জিয়াউল হক।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালের ১৩ জুন র্যা ব-১২ এর সদস্যরা সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় মহাসড়কে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একতা পরিবহণে তল্লাশি চালিয়ে ১৯৯ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ জিয়াউল হককে আটক করে র্যা ব সদস্যরা। এ ঘটনায় র্যা ব-১২ এর ডিএডি আবুল বাশার বাদী হয়ে মামলা দায়ের করেন। অপরদিকে, ২০১২ সালের ১৩ অক্টোবর সিরাজগঞ্জের বেলকুচি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় পুলিশের কাছে খবর আসে মামুদপুর গ্রামের আনোয়ার বেগমের ঘরের মধ্যে হেরোইন কেনাবেচা হচ্ছে। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় আনোয়ার বেগম ও তার কিশোর ছেলে শরিফুল ইসলামকে (১৪) আটক করে পুলিশ। পরে তাদের হেফাজতে রাখা ৭৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক আসলাম হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা তদন্ত শেষে শরিফুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আজ এই মামলায় শরিফুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।