নবীনগরে কৃষকের মুখে হাসি ফোটাতে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ


হেলাল উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) : দেশের ভোজ্যতেলের উৎপাদন বৃদ্ধি ও আমদানিনির্ভরতা কমানোর লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) বিকেলে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি এবং উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য মো. জহিরুল ইসলাম। নবীনগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুজন মিয়া। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ভোজ্যতেলের চাহিদা পূরণ এবং আমদানিনির্ভরতা কমাতে সরিষার উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নতমানের সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণের ফলে সরিষা চাষে আগ্রহ বাড়বে। এতে কৃষকরা আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি দেশের তেলবীজ উৎপাদনেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নবীনগর উপজেলার ৪ হাজার কৃষককে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, কাঙ্ক্ষিত ফলন পেতে কৃষকদের নির্ধারিত সময়ে বীজ বপন, সঠিক পরিচর্যা এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের প্রতি গুরুত্ব দিতে হবে। সরিষার আবাদ সম্প্রসারণের মাধ্যমে একদিকে কৃষকদের আয় বাড়বে, অন্যদিকে দেশের ভোজ্যতেলের উৎপাদন বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।