ফুলগাজীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

ফুলগাজী(ফেনী) প্রতিনিধি : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফেনীর ফুলগাজীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাউসার হামিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মুরাদ হোসেন।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা জেরিন, ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা খুরশিদ আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সদস্যসচিব আবুল হোসেন ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা শাহিন।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও দেশের রাজনৈতিক ইতিহাসে এ দিনের গুরুত্ব তুলে ধরেন। আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।