সাহেদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের রাজধানী সেভিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ সোমবার শুরু হয়েছে “স্পেন বাংলাদেশ এক্সপো ২০২৬”। বাংলাদেশ ও স্পেনের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যবসায়িক অংশীদারত্ব জোরদার করার লক্ষ্যে এই এক্সপোর আয়োজন করা হয়।স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ঝইঈঈও)-এর উদ্যোগে এবং মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় সেভিয়ার বিখ্যাত হোটেল সেভিয়া সেন্টারে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
?দিনের শুরুতে এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। উদ্বোধনের পর তিনি বাংলাদেশি ও স্প্যানিশ উদ্যোক্তাদের প্রদর্শনী স্টলগুলো ঘুরে দেখেন এবং আয়োজকদের সাধুবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান, এনডিসি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইইউ অনুবিভাগের মহাপরিচালক মো. মোশারফ হোসেন। বাংলাদেশের তৈরি পোশাক খাতের প্রতিনিধিত্ব করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। আয়োজক সংগঠন ঝইঈঈও-এর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মুহাম্মদ আশিকুর রহমান ও মহাসচিব আশিক এলাহী চৌধুরী।
স্পেন সরকারের পক্ষ থেকে অনুষ্ঠানে যোগ দেন আন্দালুসিয়া রাজ্য সরকারের কর্মসংস্থান ও ব্যবসা বিষয়ক মন্ত্রী রোসিও ব্লানকো এগুরেন, মাদ্রিদের সিনেটর ও পররাষ্ট্র বিষয়ক কমিটির সভাপতি এন্টোনিও গুতেরেজ লিমনিস, পানামা জেলার উপমেয়ার আলবার্ট পিমেন্টাল, সেভিয়া সিটি কাউন্সিলের ডিরেক্টর মানুয়েল পারেজো গুজমান, আন্দালুসিয়া সরকারের ঊর্ধ্বতন প্রতিনিধি এবং স্প্যানিশ শীর্ষ ব্যবসায়ী নেতারা।
উদ্বোধনী অধিবেশনে বক্তারা বলেন, স্পেনের সাথে বাংলাদেশের বাণিজ্যের ক্ষেত্র আরও প্রসারিত করার বিপুল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে তৈরি পোশাক, চামড়া ও পাদুকা শিল্পে যৌথ বিনিয়োগ এবং বাণিজ্য বৃদ্ধির চমৎকার সুযোগ রয়েছে। এই এক্সপো আন্দালুসিয়া অঞ্চলের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী বাংলাদেশি ও স্প্যানিশ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর হাতে সনদপত্র তুলে দেওয়া হয় এবং সম্মানিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এক্সপোর অংশ হিসেবে বিকেলে দুই দেশের সম্ভাবনাময় উদ্যোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে অনুষ্ঠিত হয় ‘বিটুবি’ (ই২ই) নেটওয়ার্কিং বৈঠক।
কর্মসূচির দ্বিতীয় দিন আগামীকাল ২৭ অক্টোবর প্রতিনিধিদল আন্দালুসিয়ান পার্লামেন্ট এবং সেভিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিদর্শন করবে। পরবর্তীতে ২৮ অক্টোবর মালাগা চেম্বার অব কমার্সে দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে আরও একটি বিশেষ ই২ই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
