আচ্চু-তামিমের নেতৃত্বে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নতুন কমিটি

Oplus_131072


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে সৈয়দ আমিনুর রহমান আচ্চু এবং সাধারণ সম্পাদক পদে তামিম আহমেদ মিলন নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে ৯ ভোট পেয়ে জয়ী হন আচ্চু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সেকেন্দার শেখ পেয়েছেন ৮ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তামিম আহমেদ মিলন। তাঁর প্রতিদ্বন্দ্বী গোলাম আজম মনির পেয়েছেন ৫ ভোট।বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আলফাডাঙ্গা প্রেসক্লাব কার্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২১ জন ভোটারের মধ্যে ১৮ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদক—এই তিনটি পদে সরাসরি ভোটাভুটি হয়। বাকি পদগুলোতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
ভোট গণনা শেষে উপজেলা একাডেমিক সুপারভাইজার ও নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা আশরাফুর রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে ১৮টি ভোটের মধ্যে ১৭টি বৈধ হয়। এর মধ্যে ৯ ভোট পেয়ে বিজয়ী হন সৈয়দ আমিনুর রহমান আচ্চু। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. সেকেন্দার শেখ পান ৮ ভোট
সহসভাপতি পদে ১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তাজমিনউর রহমান তুহিন। তাঁর প্রতিদ্বন্দ্বী আজিজুর রহমান দুলাল পেয়েছেন ৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে ১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তামিম আহমেদ মিলন। তাঁর প্রতিদ্বন্দ্বী গোলাম আজম মনির পেয়েছেন ৫ ভোট। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তিনটি পদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তামিম আহমেদ মিলন।
নির্বাচন শেষে প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি এনায়েত হোসেন ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন সন্তোষ প্রকাশ করেন। তাঁরা বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের মধ্য দিয়ে প্রকৃত গণতন্ত্রের বিজয় হয়েছে।
নবনির্বাচিত সভাপতি সৈয়দ আমিনুর রহমান আচ্চু ও সাধারণ সম্পাদক তামিম আহমেদ মিলনসহ নতুন কমিটির নেতারা আলফাডাঙ্গা প্রেসক্লাবের উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং বস্তুনিষ্ঠ ও পেশাদার সাংবাদিকতা রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ কাজে তাঁরা স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা আশরাফুর রহমান বলেন, অত্যন্ত সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটার ও প্রার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন সফল হয়েছে।