শ্রীপুরে আইইএসের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৫৪৫ শিক্ষার্থী


আব্দুল কাদের, শ্রীপুর(গাজীপুর) : শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশ, সুস্থ প্রতিযোগিতার চর্চা এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে গাজীপুরের শ্রীপুরে অনুষ্ঠিত হয়েছে ইসলামিক এডুকেশন সোসাইটি (আইইএস) আয়োজিত জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬। শনিবার (৩১ অক্টোবর) শ্রীপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় উপজেলার ৯টি স্কুল ও ৮টি মাদ্রাসার মোট ৫৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।পরীক্ষায় তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
শ্রীপুর কেন্দ্রের কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যক্ষ মো. গোলাম কিবরিয়া। হল সুপারের দায়িত্বে ছিলেন মাওলানা মো. আবুল হোসাইন।
পরীক্ষা কেন্দ্রের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন প্রধান অতিথি ইসলামিক এডুকেশন সোসাইটির গাজীপুর জেলা অনারারি ইন্সপেক্টর অধ্যাপক মো. মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির শ্রীপুর উপজেলা অনারারি ইন্সপেক্টর অধ্যাপক মো. আবুল কালাম আজাদ।
এ সময় অতিথিরা বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরিতে মেধাবৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান নয়, নৈতিকতা, মানবিকতা ও সৃজনশীল চিন্তায় সমৃদ্ধ শিক্ষার্থী গড়ে তুলতেও এ ধরনের আয়োজন প্রয়োজন।আয়োজক সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের মেধা অন্বেষণ, প্রতিভার বিকাশ এবং শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে ইসলামিক এডুকেশন সোসাইটি নিয়মিত জাতীয় পর্যায়ে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কেন্দ্র পরিচালনা কমিটি, শিক্ষক, অভিভাবক ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে আয়োজক প্রতিষ্ঠান।