লালমনিরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মোঃ শাহজাহান সাজু, লালমনিরহাট : “হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে লালমনিরহাটে পালিত হয়েছে ‘বিশ্ব হাত ধোয়া দিবস।
দিবসটি উপলক্ষে সোমবার (২ নভেম্বর ) সকাল ১০টায় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র?্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট কলেজিয়েট স্কুলে এসে শেষ হয়। পরে কালেক্টরেট কলেজিয়েট স্কুলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর লালমনিরহাট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান।সভায় বক্তারা বলেন, “সুস্থ ও রোগমুক্ত জীবনযাপনের জন্য ব্যক্তিগত পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি। খাবার গ্রহণের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সঠিকভাবে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস ডায়রিয়া, নিউমোনিয়াসহ নানা ছোঁয়াচে রোগ থেকে আমাদের রক্ষা করতে পারে। সুস্থ ও নতুন প্রজন্ম গঠনে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায় থেকে শিশুদের হাত ধোয়ার সঠিক অভ্যাস গড়ে তুলতে হবে।” অনুষ্ঠানে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন এনজিওর প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।