দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি উভয় ক্ষেত্রেই ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।
প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার ৯ দশমিক ২৫ শতাংশ বেশি। একই সঙ্গে জিপিএ-৫ প্রাপ্তিতেও মেয়েরা এগিয়ে রয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বোরহান উদ্দিন স্বাক্ষরিত ফলাফল পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
বোর্ড সূত্রে জানা যায়, এ বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলার ৬৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ১১ হাজার ৭৮৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫১ হাজার ৩৯৮ জন। মোট পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী।জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্রী ১ হাজার ৫৭০ জন এবং ছাত্র ১ হাজার ৩৮৩ জন। অর্থাৎ ছেলেদের তুলনায় ১৮৭ জন বেশি মেয়ে জিপিএ-৫ অর্জন করেছে।
বিভাগভিত্তিক ফলাফলেও মেয়েদের এগিয়ে থাকার চিত্র দেখা গেছে। বিজ্ঞান বিভাগে পাসের হার ৬৬ দশমিক ৭৭ শতাংশ। এ বিভাগে মেয়েদের পাসের হার ৬৮ দশমিক ৫১ শতাংশ এবং ছেলেদের ৬৫ দশমিক ৯০ শতাংশ। ফলে ছেলেদের চেয়ে মেয়েরা ২ দশমিক ৬১ শতাংশ এগিয়ে রয়েছে।
মানবিক বিভাগে পাসের হার ৩৯ দশমিক ৯৩ শতাংশ। এ বিভাগে মেয়েদের পাসের হার ৪৫ দশমিক ৬০ শতাংশ, বিপরীতে ছেলেদের ৩৩ দশমিক ১৯ শতাংশ। অর্থাৎ মানবিক বিভাগে ছেলেদের তুলনায় মেয়েরা ১২ দশমিক ৪১ শতাংশ বেশি পাস করেছে।
অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৩৫ দশমিক ৭৩ শতাংশ। এ বিভাগে মেয়েদের পাসের হার ৩৬ দশমিক ৯৮ শতাংশ এবং ছেলেদের ৩৪ দশমিক ৯১ শতাংশ। এখানেও ছেলেদের চেয়ে মেয়েরা ২ দশমিক ০৭ শতাংশ এগিয়ে রয়েছে।
