উপজেলা প্রতিনিধি, রায়পুরা (নরসিংদী):
নরসিংদীর রায়পুরায় আড়িয়াল খাঁ নদের তীর থেকে হাত-পা বাঁধা বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের(৩০) পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্বপাশে নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর তীরে হলুদ রঙের একটি বস্তার ভেতর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তাঁরা রায়পুরা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বস্তা খুলে বের করে। এ সময় যুবকের দুই হাত টেপ দিয়ে এবং দুই পা কাপড় দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়। লাশের শরীরের বিভিন্ন স্থানে কোপানোর চিহ্ন সহ আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহের মুখ ও শরীরের বিভিন্ন অংশ পচে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তিন থেকে চার দিন আগে দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে মরদেহ নদীর তীরে ফেলে গেছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় পচাগলা মরদেহটি উদ্ধার করে। মরদেহের গলা ও শরীরের বিভিন্ন স্থানে কোপানোর চিহ্ন রয়েছে। উদ্ধারের সময় তাঁর হাত-পা বাঁধা ছিল। অন্য কোথাও হত্যা করে মরদেহটি এখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ওসি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
