গণতন্ত্রের ভিত শক্তিশালী হলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি

দলমত নির্বিশেষে গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখতে পারলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের বার্ষিক সাধারণ সভা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ২৫ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি দেওয়া হয়।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দেশের প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুনভাবে বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগকে সহযোগিতা করা জরুরি। তিনি বলেন, আন্দোলনের মধ্য দিয়ে সরকার গঠনের পর দেশে নতুন করে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে। এ যাত্রাকে অনেক দূর এগিয়ে নিতে হবে।

মন্ত্রী বলেন, কঠিন পরিস্থিতি মোকাবিলা করে লক্ষ্যে পৌঁছাতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। পারস্পরিক ঐক্য বজায় রেখে সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে সামনের দিনগুলো এগিয়ে নিতে হবে। দলমত নির্বিশেষে গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখা গেলে নিয়মিত উন্নয়নমূলক কাজের মাধ্যমেও দেশকে এগিয়ে নেওয়া সম্ভব।

গত ১৭-১৮ বছরের রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, ওই সময় দেশের ইতিহাস ভালো ছিল না। বিভিন্নভাবে সেই পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে। এখন দেশে স্বাভাবিক জীবন ফিরে এসেছে, যা কয়েক বছর আগেও অনেকের কাছে কল্পনাতীত ছিল। এই স্বাভাবিক পরিস্থিতি ধরে রাখতে হবে।

তিনি আরও বলেন, এত দিন রাজনৈতিক সংগ্রাম করতে হয়েছে, এখন জীবনসংগ্রামে এগিয়ে যাওয়ার সময়। স্বাধীনতার পর থেকে দেশে অভাব-অনটন রয়েছে। তবে মানুষের স্বাভাবিক জীবন নিশ্চিত করা না গেলে শিক্ষা, সামাজিক অবস্থান, সচেতনতা ও মানবকল্যাণে কাজের গুরুত্বও প্রশ্নের মুখে পড়বে।

পানিসম্পদমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন উদ্যোগ নিয়ে দেশ পরিচালনার কাজ শুরু করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর জীবদ্দশায় সাড়ে তিন বছরে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব, সংগ্রাম ও রাজনৈতিক ত্যাগের কথাও তিনি তুলে ধরেন।

তিনি বলেন, একই পরিবারের একজন জনপ্রিয় রাষ্ট্রপতি, একজন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এবং বর্তমানে আরেকজন নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করছেন।

সংসদে বিভিন্ন বিষয়ে আলোচনা হলেও বাইরে গিয়ে অনেক সময় সেই আলোচনার ধারাবাহিকতা বজায় থাকে না বলে মন্তব্য করেন এ্যানি। তিনি বলেন, মতপার্থক্যের কারণে উত্তেজিত হয়ে নতুন কর্মসূচিতে জড়িয়ে পড়লে তা দেশের জন্য ক্ষতিকর হতে পারে। তাই সব দিক বিবেচনা করে দায়িত্বশীলভাবে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ ছাইফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শাহাদাত হোসেন, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন এবং লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমানসহ অনেকে।