প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রশ্নপত্র ফাঁস রোধ এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ পর্যন্ত পুরো প্রক্রিয়া নিজে তদারকি করবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শুক্রবার বিকেলে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

আমিনুল হক জানান, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত চক্রের ছয়জনকে ইতোমধ্যে স্পেশাল ফোর্স বা এসআরপির মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িত অভ্যন্তরীণ ও বাইরের সব ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

এর আগে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আগের পরীক্ষা স্থগিত হওয়ায় এবার নিয়োগ প্রক্রিয়ায় ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়া তদারকি করেছেন তিনি। এ জন্য সচিবালয়ে রাত জেগে দায়িত্ব পালন করেছেন।

তিনি আরও বলেন, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পথে রয়েছে। প্রাথমিক পরীক্ষা শেষে আগামীকালের মধ্যে ফল প্রকাশের চেষ্টা চলছে।

পরবর্তী সময়ে লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তার ২৪২টি পদসহ অন্যান্য শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

মন্ত্রণালয় সূত্র জানায়, শুক্রবারের নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন এবং প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধে ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।