মাগুরায় কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সামগ্রী,আগামীকাল ভোট গ্রহণ

মাগুরা প্রতিনিধি

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণকে সামনে রেখে মাগুরায় আজ সকাল ১১টা থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সামগ্রী। শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। মাগুরা জেলায় ২ টি সংসদীয় আসন নিয়ে গঠিত। যার মধ্যে মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত মাগুরা-১ এবং মহম্মদপুর ও শালিখা উপজেলা নিয়ে গঠিত মাগুরা-২ আসন।

এই দুটি আসনে মোট ভোটার সংখ্যা ৮ লাখ ৪৭ হাজার ৪০৯ জন। মোট ৩০১টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নিরাপত্তা বিবেচনায় ৫৪টি ভোটকেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে মাগুরা-১ আসনে ৩৮টি এবং মাগুরা-২ আসনে ১৬টি কেন্দ্র রয়েছে। দুটি আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রিটার্নি কর্মকর্তা ও মাগুরা জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ  জানিয়েছেন, নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং ভোটগ্রহণ হবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে। মাগুরাতে ৩০১টি ভোটকেন্দ্র অর্থাৎ শতভাগ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। মাগুরায় ৬৫ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ তাই অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি-ক্যামেরায় নজরদারিতে রাখা হয়েছে। এছাড়াও ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ, র?্যাব, সেনাবাহিনী, বিজিবি ও আনসারসহ স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। সব মিলিয়ে ভোটের জন্য প্রস্তুত মাগুরা।

মন্তব্য করুন