খুলনার দিঘলিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত

শাহবাজ জামান,খুলনা

খুলনার দিঘলিয়া উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নতুন ডিলার নিয়োগের লক্ষ্যে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সভাকক্ষে এ লটারির আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনা করেন দিঘলিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও সদস্য সচিব, উপজেলা খাদ্য বান্ধব কমিটি দিঘলিয়া খুলনা এর মো.রফিকুল আলম। উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ দপ্তরের আয়োজনে এ লটারির মাধ্যমে সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায় ডিলার নির্বাচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রার্থী এবং গণমাধ্যমকর্মীরা। খাদ্যবান্ধব কর্মসূচি সরকারের একটি বিশেষ উদ্যোগ, যার মাধ্যমে গ্রামের দরিদ্র জনগোষ্ঠীকে স্বল্পমূল্যে চাল সরবরাহ করা হয়। নতুন ডিলার নিয়োগের মাধ্যমে এ কার্যক্রম আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং কার্যকর হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নিয়োগ করার ফলে কেউ বঞ্চিত হবে না এবং কোনো প্রকার অনিয়ম-দুর্নীতির সুযোগ থাকবে না। সরকারের এ উদ্যোগের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। অনুষ্ঠান শেষে বিজয়ী ডিলারদের নাম ঘোষণা করা হয় এবং তাদের আগামী দিনের দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন