মাগুরা প্রতিনিধি
মাগুরায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ারসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন পরিচালিত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে মোট ৩৫টি হুইলচেয়ার, ৩টি ট্রাইসাইকেল, ২টি ওয়াকার, ১টি এলবো ক্রাচ, ১টি অক্সিলারি ক্রাচ এবং ১টি হিয়ারিং এইড বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, মাগুরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. জাহিদুল আলম। জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. বাবলুর রহমান। জেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, মাগুরার যৌথ আয়োজনে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এ সময় তিনি সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের অসহায় প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
