ফুলগাজী, ফেনী প্রতিনিধি
ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজকে জাতীয়করণের আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, কলেজটির সার্বিক উন্নয়ন ও শিক্ষকদের ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে কলেজ মিলনায়তনে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশীষ কুমার লোদের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় এমপি রফিকুল আলম মজনু বলেন, বেগম খালেদা জিয়ার নামে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটির সুনাম অক্ষুণ্ণ রাখতে ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষকদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান। তিনি কলেজটির জাতীয়করণ প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পাশাপাশি শিক্ষকদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র আবু তালেব। এছাড়া উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার (গোলাপ), উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহমদ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক হুদা শাহীনসহ কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। অনুষ্ঠানের শুরুতে শিক্ষকদের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে মুক্ত আলোচনা পর্বে শিক্ষকরা কলেজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সভায় এমপি রফিকুল আলম মজনু সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
