ePaper

ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সম্পৃক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ২৬ সেপ্টেম্বর: পুলিশের কোনো সদস্য নিষিদ্ধ ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ বা সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের কিছু সদস্য এখনও ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন এবং বিভিন্নভাবে তাদের সহযোগিতা করছেন বলে তথ্য পাওয়া যাচ্ছে। কোনো সদস্য শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে সরকারের পক্ষ থেকে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের সবচেয়ে দৃশ্যমান প্রতিষ্ঠান হিসেবে জনগণের সঙ্গে পুলিশের সরাসরি সম্পর্ক রয়েছে। কোনো নাগরিক অপরাধের শিকার হলে বা নিরাপত্তাহীনতা অনুভব করলে প্রথমেই পুলিশের সহায়তা প্রত্যাশা করেন।

সালাহউদ্দিন আহমদ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা তথ্যের কার্যকর ব্যবহার নিশ্চিত করার জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দেন। একই সঙ্গে এ ধরনের অভিযানে বিশেষ ভূমিকা রাখা সদস্যদের পুরস্কৃত করার ঘোষণাও দেন তিনি।

তিনি বলেন, সরকার এমন একটি আধুনিক পুলিশ বাহিনী গড়ে তুলতে চায়, যারা দক্ষতা, পেশাদারিত্ব ও প্রযুক্তিগত সক্ষমতায় সমৃদ্ধ হবে; আচরণে মানবিক, আইন প্রয়োগে দৃঢ় এবং দায়িত্ব পালনে নিরপেক্ষ থেকে জনগণের আস্থা অর্জন করবে।

পুলিশের প্রতি জনআস্থা পুনর্গঠনের বিষয়টি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে প্রাতিষ্ঠানিক, আইনগত ও প্রশাসনিক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে বাহিনীর ভাবমূর্তি পুনরুদ্ধার এবং জনগণের বিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি পুলিশ সদস্যদের মনোবল সুদৃঢ় করার পাশাপাশি জনগণের আস্থা অর্জনে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৯৮ জন পুলিশ সদস্যের হাতে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।