অনলাইন ডেস্ক
ভারতের নাগাল্যান্ডে সন্দেহভাজন বিষাক্ত বা ভেজাল মদ পান করে গত দুই দিনে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে, সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর ঘটনা তদন্ত এবং সন্দেহভাজন ভেজাল মদের উৎস ও সরবরাহ চক্র শনাক্ত করতে বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করা হয়েছে। নাগাল্যান্ডে ১৯৯০ সাল থেকে মদ নিষিদ্ধ আইন কার্যকর রয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, সন্দেহভাজন অবৈধ মদ পান করে মোককচুং জেলায় আটজন এবং তুয়েনসাং জেলায় ১১ জনের মৃত্যু হয়েছে।
নাগাল্যান্ড পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্ট ভেসুপ্রা কেজো শনিবার জানান, অতিরিক্ত পুলিশ সুপার আই বুংলাং চ্যাংয়ের নেতৃত্বে এসআইটি গঠন করা হয়েছে। দলটি মৃত্যুর ঘটনা তদন্তের পাশাপাশি সন্দেহভাজন ভেজাল মদের উৎস ও সরবরাহ চক্র শনাক্তে কাজ করবে।
মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মদের নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য গুয়াহাটিতে পাঠানো হয়েছে। ভেসুপ্রা কেজো বলেন, তদন্তে কিছু সূত্র পাওয়া গেছে, তবে এ বিষয়ে বিস্তারিত জানানোর মতো সময় এখনো আসেনি।
ঘটনার পর পুলিশ একাধিক অভিযান চালিয়েছে। এসব অভিযানে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রায় ৩ হাজার বোতল মদ জব্দ করা হয়েছে।
পুলিশ সাধারণ মানুষকে অজ্ঞাত, লেবেলবিহীন বা সন্দেহভাজন অবৈধ মদ পান থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। মদ পানের পর মাথা ঘোরা, ঝাপসা দেখা, শ্বাসকষ্ট বা জ্ঞান হারানোর মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।
