ePaper

ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত বন্ধে ইরানের দেওয়া সাত দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে আবারও সামরিক হামলা চালানোর সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।

শনিবার ট্রাম্পের ঘনিষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরান সাত দিনের জন্য সংঘাত বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে। এ সময়ের মধ্যে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ওয়াশিংটনের সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরুর প্রস্তাব রয়েছে। এর বিনিময়ে ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়ার কথা বলা হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি গত বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে সাত দিনের একটি পরিকল্পনা পাঠিয়েছে তেহরান।

তিনি বলেন, পরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় শর্ত পূরণ হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে। এরপর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর প্রস্তাব রয়েছে।

প্রস্তাবের আওতায় প্রথম কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রকে নৌ অবরোধ তুলে নেওয়ার পাশাপাশি ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল এবং আটকে থাকা ইরানি সম্পদ ছাড়ার মতো পদক্ষেপ নিতে হবে। এরপর ষষ্ঠ দিনে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং সপ্তম দিনে পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর কথা বলা হয়েছে।

তবে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তেহরান যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নেবে কি না, তা নিয়ে ট্রাম্পের যথেষ্ট সন্দেহ রয়েছে। এ কারণে এখনই কোনো চুক্তিতে যেতে তিনি আগ্রহী নন বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে গত মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ট্রাম্প বলেছিলেন, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে ইরান চুক্তি করতে দেরি করছে। নির্বাচনের পর দুই পক্ষের মধ্যে চুক্তির সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানিয়েছিলেন।

অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে কূটনৈতিক আলোচনাকে জড়িয়ে ফেলতে চায় না তেহরান।

এদিকে সাত দিনের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চললেও এখনো কোনো চুক্তি হয়নি। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হওয়ায় সংঘাত দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাজারে এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।