ePaper

ফেনীতে ক্যানসার আক্রান্ত শিশুর চিকিৎসায় আর্থিক সহায়তা দিলো জামায়াত

সাহেদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি

ফেনী পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের পাঠানবাড়ী এলাকায় ক্যানসারে আক্রান্ত নয় বছর বয়সী শিশু ফাতেমা আক্তারের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৫ মে) বিকেলে পাঠানবাড়ী হাউসের পেছনে মিশু খান কলোনিতে শিশুটির পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন দলটির জেলা নেতৃবৃন্দ। ফাতেমা আক্তার স্থানীয় রিকশাচালক ওজিয়ার হোসেনের মেয়ে। ক্যানসারের মতো ব্যয়বহুল রোগের চিকিৎসা চালাতে গিয়ে পরিবারটি বর্তমানে চরম আর্থিক সংকটের মুখোমুখি হয়েছে। সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, ১০ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মিশু খাঁন এবং ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক মোহাম্মদ হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ। আর্থিক সহযোগিতা প্রদানের পর শিশুটির দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। জেলা আমির মুফতি আব্দুল হান্নান বলেন, “জামায়াতে ইসলামী একটি আদর্শিক ও মানবকল্যাণমূলক সংগঠন। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্বের অংশ। ক্যানসার আক্রান্ত এই শিশুর চিকিৎসার জন্য আমাদের পক্ষ থেকে সাধ্যমতো সহযোগিতা অব্যাহত থাকবে।”সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মিশু খাঁন শিশুটির অবস্থার কথা উল্লেখ করে বলেন, “আমরা শুরু থেকেই শিশুটির খোঁজখবর রাখছি এবং তার চিকিৎসার জন্য সাধ্যানুসারে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এই অসহায় পরিবারটির পাশে আমরা থাকব, ইনশাআল্লাহ।”

এদিকে, একটি রিকশাচালক পরিবারের ক্যানসার আক্রান্ত সন্তানের পাশে রাজনৈতিক নেতৃবৃন্দের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। সেই সাথে শিশুটির জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *