সিনেমার পর্দায় মুক্তির আগেই বিশ্বমঞ্চে ইতিহাস গড়েছে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন এবং খ্যাতনামা নির্মাতা অ্যাটলি জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাকা’। প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স এক ঘোষণায় জানিয়েছে যে, এই সিনেমাটি জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।
‘রাকা’ সিনেমাটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে ‘মোস্ট পিপল মোশন-ক্যাপচারড ইন রিয়েল-টাইম’ (Most People Motion-Captured in Real-Time) বিভাগে। এই রেকর্ড অর্জনের জন্য সিনেমাটিতে একসঙ্গে ৩৭ জন পারফর্মারের রিয়েল-টাইম মোশন ক্যাপচার করা হয়েছে।
সিনেমার নির্মাণে প্রযুক্তির এমন অভূতপূর্ব ব্যবহার ভারতীয় সিনেমাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। রেকর্ডের স্বীকৃতি হিসেবে আল্লু অর্জুন এবং অ্যাটলির হাতে তুলে দেওয়া হয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সনদ।
বিশেষ এই বিশ্বরেকর্ডের ঘোষণাটি এসেছে পরিচালক অ্যাটলির জন্মদিনেই। এই বিশেষ দিনে পরিচালককে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সাদা-কালো ছবি পোস্ট করেন আল্লু অর্জুন।
পোস্টে অভিনেতা জানান, অ্যাটলির মতো দূরদর্শী ও দক্ষ পরিচালকের সঙ্গে কাজ করতে পেরে তিনি গর্বিত এবং ভবিষ্যতে তার সঙ্গে আরও চমৎকার কাজ উপহার দেওয়ার অপেক্ষায় আছেন।
এর আগে আল্লু অর্জুনের ৪৪তম জন্মদিনে প্রকাশ করা হয়েছিল ‘রাকা’র প্রথম লুক। সেখানে তাকে সম্পূর্ণ ভিন্ন ও আদিম যোদ্ধাসুলভ অবতারে দেখা গিয়েছিল- টাক মাথা, রুক্ষ চেহারা এবং মুখের একাংশে নেকড়ের থাবার মতো দাগ, যা ভক্তদের মাঝে তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল।
শুরু থেকেই সিনেমাটির নির্মাণশৈলী নিয়ে দর্শকের মাঝে কৌতূহল ছিল। নির্মাতারা জানিয়েছেন, ‘রাকা’র ভিএফএক্স ও মোশন ক্যাপচারের কাজে যুক্ত রয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞ প্রযুক্তিবিদরা।
সিনেমাটির ভিএফএক্স টিমে কাজ করছেন হলিউডের জনপ্রিয় সিনেমা ‘আয়রন ম্যান টু’ ও ‘ট্রান্সফরমার্স: রাইজ অব দ্য বিস্টস’-এর মতো প্রজেক্টের ভিএফএক্স সুপারভাইজার জেমস ম্যাডিগান। সব মিলিয়ে আন্তর্জাতিক মানের এই আয়োজন সিনেমাটিকে ঘিরে প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।
