ePaper

ফুলগাজীতে সমাজসেবা অধিদপ্তরের প্রান্তিক জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সহায়তা কার্যক্রম জোরদার

ফুলগাজী, ফেনী প্রতিনিধি

ফেনীর ফুলগাজীতে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে “প্রান্তিক জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সহায়তা কার্যক্রম” প্রকল্পের আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রকল্পের আওতায় উৎপাদিত পণ্যের বহুমুখী ব্যবহার ও বিপণন সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দেশের ৮টি বিভাগের ৮টি প্রান্তিক শিল্প প্রদর্শনী ও বিপণন কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত পেশাজীবীদের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং পণ্য ক্রয়-বিক্রয়ের সুযোগ সৃষ্টি করা হচ্ছে।

শুক্রবার (১৯ জুন) সকালে ফুলগাজী বাজারে ইউনিয়ন সমাজকর্মী নাজমুল হুদা ও সমাজসেবা কর্মকর্তা নাসির উদ্দিনের নেতৃত্বে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ফুলগাজী বাজারের তিনটি প্রতিষ্ঠানে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। এর মধ্যে নরসুন্দর সেবা ও কুটির শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ৪০ জন নারী-পুরুষকে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

এছাড়াও সফট স্কিল প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় ১২ হাজার ব্যক্তিকে প্রশিক্ষণ শেষে এককালীন ১৮ হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করা হবে, যাতে তারা টেকসই পেশা উন্নয়ন ও উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন।

প্রকল্পের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে যুগোপযোগী কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে। উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক মর্যাদা বৃদ্ধি ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

এ কার্যক্রমের আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত ১০টি পেশা হলো— কামার, কুমার, হেয়ার ড্রেসিং ও বিউটিফিকেশন (নাপিত), বাঁশ ও বেতপণ্য প্রস্তুতকারক, কাঁসা/পিতলপণ্য প্রস্তুতকারক, জুতা মেরামত ও প্রস্তুতকারী, লোকযন্ত্র ও লোকশিল্প সংশ্লিষ্ট পেশাজীবী, নকশিকাঁথা শিল্প, শীতল পাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *