ePaper

পলাশবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড বিতরণে টাকা নেওয়ার অভিযোগ

হাবিবুর রহমান, গাইবান্ধা

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির নতুন কার্ড বিতরণে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ডিলার ছানাউল্লাহর বিরুদ্ধে। কয়েকজন কার্ডধারীর অভিযোগ, নতুন কার্ড করে দেওয়ার কথা বলে তাঁদের কাছ থেকে কার্ডপ্রতি ১০০ টাকা করে নেওয়া হয়েছে। তবে ১০০ টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে ডিলার ৩০ টাকা করে নেওয়ার কথা স্বীকার করেছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) কাশিয়াবাড়ী এলাকায় সরেজমিনে কার্ডধারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।

কার্ডধারীদের কয়েকজন জানান, নতুন কার্ড পাওয়ার জন্য তাঁদের কাছ থেকে ১০০ টাকা করে নেওয়া হয়েছে। তাঁদের বক্তব্যের রেকর্ড প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে ডিলার ছানাউল্লাহ বলেন, কার্ডধারীদের কাছ থেকে ১০০ টাকা নেওয়া হয়নি। ৩০ টাকা করে নেওয়া হয়েছে। তাঁর দাবি, কার্ডপ্রতি ২৫ টাকা করে অফিসে জমা দিয়ে কার্ড বিতরণ করা হয়েছে।

ডিলারের এই বক্তব্যের বিষয়ে কার্ডপ্রতি ২৫ টাকা অফিসে জমা দেওয়ার কোনো রসিদ বা সংশ্লিষ্ট নথি সরেজমিনে যাচাই করা সম্ভব হয়নি। একইভাবে কার্ড বিতরণের ক্ষেত্রে উপকারভোগীদের কাছ থেকে কোনো নির্ধারিত ফি নেওয়ার বিধান রয়েছে কি না, সেটিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, গাইবান্ধার কারিগরি খাদ্য পরিদর্শক মো. আল-আউয়াল বলেন, বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনা হবে।

স্থানীয়দের দাবি, অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে কার্ড বিতরণের রেজিস্টার, উপকারভোগীদের তালিকা, সংশ্লিষ্ট নথিপত্র এবং অর্থ গ্রহণের কোনো বিধান বা অনুমোদন রয়েছে কি না, তা যাচাই করা হোক। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।

কার্ডধারীদের ১০০ টাকা নেওয়ার অভিযোগ এবং ডিলারের ৩০ টাকা নেওয়ার স্বীকারোক্তির মধ্যে পার্থক্য থাকায় প্রকৃতপক্ষে কত টাকা নেওয়া হয়েছে, কেন নেওয়া হয়েছে এবং তা কোনো সরকারি বিধান বা অনুমোদনের আওতায় পড়ে কি না—এসব বিষয় তদন্তের মাধ্যমে স্পষ্ট করার দাবি উঠেছে।