ePaper

নেতাকর্মীরা প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি এখন ক্ষমতায় থাকায় দলের নেতাকর্মীদের প্রত্যেককে মন্ত্রী-এমপি হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না; বরং প্রত্যেকেই সরকারের অংশ। সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি সফল করা এবং সেগুলো জনগণের কাছে তুলে ধরাই এখন নেতাকর্মীদের প্রধান দায়িত্ব।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধনের আগে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘আজকে বিএনপি ক্ষমতায়, আমাদের আরও পাওয়ার কী আছে? আমি, আপনি, আপনারা—আমাদের প্রত্যেকেই তো সরকারের অংশ। প্রত্যেকেরই পদ পেতে হবে, তা নয়।’তিনি বলেন, বিএনপি সরকারে থাকায় এখন নেতাকর্মীরা নির্বিঘ্নে কথা বলতে ও চলাফেরা করতে পারছেন। অথচ অতীতে মহিলা দলের নেতাকর্মীদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালানো হয়েছে।

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ সংগঠনের নেত্রীদের অতীতের রাজনৈতিক নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরে রিজভী বলেন, ‘আপনাদের কি মনে নেই আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ এবং এখানকার অনেক নেত্রী কতবার কারাগারে গেছেন? কতবার তাদের নিয়ে যাওয়া হয়েছে, কতবার অত্যাচারিত হয়েছেন, কত নির্বিঘ্নে গ্রেফতার করা হয়েছে? কীভাবে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হতো, সেখান থেকে আদালতে তোলা হতো, পরে কারাগারে আটকে রাখা হতো-এগুলো নিশ্চয়ই আপনাদের মনে আছে।’

তিনি বলেন, আজ বিএনপির নেতৃত্বাধীন সরকারে মহিলা দলের নেতাকর্মীদেরও অংশ রয়েছে। তাদের প্রতিনিধিরা সংসদ সদস্য হয়েছেন, মন্ত্রী হয়েছেন-এটিকে দলের নেতাকর্মীদের গৌরব হিসেবে উল্লেখ করেন তিনি।

রিজভী বলেন, সরকারের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে মহিলা দলের নেতাকর্মীদের জানতে হবে এবং সেগুলো জনগণের কাছে তুলে ধরতে হবে। বিশেষ করে নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা ও আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগগুলো জনগণকে বোঝানোর ওপর গুরুত্ব দেন তিনি।

‘ফ্যামিলি কার্ড’ প্রসঙ্গে তিনি বলেন, অসহায় ও দুস্থ পরিবারের নারীদের এই কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।রিজভী আরও বলেন, নারীর ক্ষমতায়নের জন্য নারীদের শিক্ষার আলোয় আলোকিত হতে হবে এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। এ দুটি ক্ষেত্রে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

অতীতে রাজপথের আন্দোলনের কথা স্মরণ করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় পুলিশের বেষ্টনী, মামলা, রিমান্ড ও গ্রেফতারের মধ্যেও মহিলা দলের নেতাকর্মীরা রাজপথে আন্দোলন করেছেন। এখন তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের গণবান্ধব ও নারীর ক্ষমতায়নমূলক কর্মসূচি বাস্তবায়নে তাদের ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, ‘আপনারা দল করেন, এখন দেখতে হবে আমাদের দলের সরকার বিএনপির সরকার বা বিএনপির জোট সরকার কীভাবে দেশের মানুষের আর্থিক উন্নয়ন এবং নারীদের ক্ষমতায়নের জন্য কাজ করছে। এই কর্মসূচিগুলো জেনে, উপলব্ধি করে জনগণের মধ্যে তা বলতে হবে।’

পরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন ঘোষণা করেন রিজভী।

এ সময় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।