মো. শফিকুল ইসলাম মতি, নরসিংদী প্রতিনিধি
নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ঘোষিত ১৮০ দিনের মহাপরিকল্পনা সামনে রেখে নরসিংদীতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের উদ্যোগে এ আয়োজন করা হয়। সভায় জানানো হয়, রাষ্ট্র সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক সুরক্ষা জোরদারের লক্ষ্যে গণযোগাযোগ অধিদপ্তর দেশব্যাপী সমন্বিত প্রচারণা শুরু করেছে। এর অংশ হিসেবে নরসিংদী জেলায় জেলা থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত ‘গণতন্ত্র সংলাপ’ ও ‘ইশতেহার আলাপ’ শীর্ষক বিশেষ ব্রিফিং সেশন আয়োজন করা হবে। পাশাপাশি সিনেমা প্রদর্শনের মাধ্যমেও সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়ানো হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান। তিনি বলেন, “সরকারের এই মহাপরিকল্পনা সফল করতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” জেলা তথ্য কর্মকর্তা মো. ওবাইদুল কবির মোল্লা জানান, আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং জলবায়ু সুরক্ষা বিষয়ক নানা কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। উঠান বৈঠক, কুইজ প্রতিযোগিতা ও জনসচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে এই কার্যক্রমে সম্পৃক্ত করা হবে। এ সময় বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ আউয়াল, সিনিয়র সহ-সভাপতি সফিকুল ইসলাম মতি, যুগ্ম সম্পাদক তোহিদুর রহমান মিঠু, কোষাধ্যক্ষ মাইন উদ্দিন সরকার, এবিএম আজরাফ টিপু, আশিকুর রহমান, আফরোজা মিনা, সালমা সুলতানা, ফাহিমা খাতুন, ফরিদুজ্জামান, খাদেমুল ইসলাম, সানজিদা আক্তার রুমা, রফিকুল ইসলাম, হৃদয় এস সরকার, আল আমিন, ওমর ফারুক ফালু, জামান মোল্লাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। সাংবাদিকরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, স্থানীয় পর্যায়ে কার্যক্রমগুলোর সফল বাস্তবায়নে তারা সর্বাত্মক সহযোগিতা করবেন।
