দিনাজপুর প্রতিনিধি
“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে সপ্তাহব্যাপী এ বৃক্ষমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি। উদ্বোধনের আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে প্রধান অতিথি ফিতা কেটে এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষণা করেন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা ফাহিম মাসউদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ বেতার রংপুরের সংবাদ পাঠক মুনিরা শাহনাজ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিতে হবে।বিশেষ অতিথির রাখেন পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাবিবুল হাসান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক মোহাম্মদ তানভীর ইসলাম নাহিদ, দিনাজপুর সদর রেঞ্জ কর্মকর্তা মো. মাসুদ রানাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও পরিবেশপ্রেমীরা।আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন এবং মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন।বনবিভাগ জানায় এবারের বৃক্ষমেলায় সরকারি ও বেসরকারি মিলিয়ে ৩৩টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী নানা প্রজাতির গাছের সমাহারে মেলাটি পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বৃক্ষরোপণে সাধারণ মানুষকে উৎসাহিত করবে।
