ePaper

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ১৫

ফয়সাল আলম সাগর, কক্সবাজার প্রতিনিধি ভ্রাম্যমাণ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। পজেলার চুনতি ইউনিয়নের হোটেল ফোর সিজনের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী এবং চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী মারসা পরিবহনের দুটি বাস চলন্ত অবস্থায় একে অপরের চালকের সঙ্গে কথা বলার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুটি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং রাস্তার পাশের গাছে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই এক নারী যাত্রী নিহত হন এবং বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠান। পরে লোহাগাড়া ট্রমা সেন্টারে চিকিৎসাধীন আরও তিনজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফিরোজ খান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতর ও নিচে আটকে পড়া ১০ জনের বেশি যাত্রীকে উদ্ধার করেন। উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে অন্তত ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের দ্রুত পদুয়া ট্রমা সেন্টারসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দীন চৌধুরী জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *