আল আমিন,লামা( বান্দরবান) প্রতিনিধি
বান্দরবান জেলার জনবহুল ও জনগুরুত্বপূর্ণ লামা উপজেলায় কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে “লামা টেকনিক্যাল ইনস্টিটিউট এন্ড কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়নের পথে এগোচ্ছে। স্থানীয়দের মতে, “লামায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান চালু হলে কারিগরি শিক্ষার মাধ্যমে হাতে-কলমে বাস্তবমুখী কাজের দক্ষতা অর্জন ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে,বেকারত্ব হ্রাস পাবে,যা সামগ্রিকভাবে এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” এই উদ্যোগের নেতৃত্বে রয়েছেন লামা জিনামেজু অনাথ আশ্রমের পরিচালক উ নন্দ মালা ও লেখক,মানবাধিকার কর্মী, সাংবাদিক এম রুহুল আমিন। জানা গেছে, লামা পৌরসভার ১নং ওয়ার্ডে অবস্থিত টিটিএন্ডডিসি বান্দরবান জেলা পরিষদের পরিত্যক্ত রেস্ট হাউজ লীজ নিয়ে প্রতিষ্ঠানটি চালুর জন্য জেলা পরিষদের সাথে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে।উদ্যোক্তারা জানিয়েছেন, প্রতিষ্ঠানটি চালুর জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি অনুমোদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন।এ বিষয়ে সরকারের কারিগরি শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট বিভাগগুলোর সহযোগিতা কামনা করেছেন তারা।শিক্ষাবিদ, রাজনীতিবিদ এবং সাবেক লামা উপজেলার চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরীর মতে” লামা উপজেলায় কর্মমুখী ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান অত্যন্ত জরুরি। সেজন্য “লামা টেকনিক্যাল ইনস্টিটিউট এন্ড কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ ভবিষ্যতে বাস্তবায়নে জনপ্রতিনিধি হিসেবে আমি সক্রিয় ভূমিকা পালন করবো। দক্ষ জনশক্তি ও প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধির মাধ্যমে কারিগরি শিক্ষা শিক্ষার্থীদের কাজের উপযোগী করে তোলে।” লামা উপজেলার সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকেও সরকারের প্রতি জোর দাবি জানানো হয়েছে,যাতে দ্রুত প্রয়োজনীয় অনুমোদন ও সহায়তা প্রদান করে” লামা টেকনিক্যাল ইনস্টিটিউট এন্ড কলেজ “ এই সম্ভাবনাময় শিক্ষা প্রতিষ্ঠানটি কার্যকর করা হয়।
