ePaper

মেলান্দহের ইউএনওর সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ, সমন্বিত জনসেবা ও আইন-শৃঙ্খলা রক্ষায় অঙ্গীকার

মো. রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:

জামালপুরের মেলান্দহ থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহবুবুল হক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুন আরার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎকালে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং সরকারি সেবার মানোন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

ইউএনও জিন্নাতুন আরা নবাগত ওসিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও জনবান্ধব উপজেলা গড়ে তুলতে প্রশাসন ও পুলিশের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মাদক, বাল্যবিবাহ, জুয়া, গরু চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন, জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত সেবা পৌঁছে দেওয়া এবং সরকারি উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দায়িত্বশীল, স্বচ্ছ ও মানবিক প্রশাসনিক সেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও পুলিশ একসঙ্গে কাজ করবে। জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সকল কার্যক্রম পরিচালনার আহ্বানও জানান তিনি।

নবনিযুক্ত ওসি এটিএম মাহবুবুল হক বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার এবং সাধারণ মানুষের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য। তিনি বলেন, “জনগণের সহযোগিতা, উপজেলা প্রশাসনের দিকনির্দেশনা এবং সকল অংশীজনের সমন্বয়ে একটি সেবাবান্ধব, নিরাপদ ও অপরাধমুক্ত মেলান্দহ গড়ে তুলতে আমি সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করব।”

সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষই জনকল্যাণে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও আন্তরিকতার ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রশাসন ও পুলিশের এই সমন্বিত উদ্যোগ মেলান্দহে আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং নাগরিক সেবার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। এ সময় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসারের অফিস সহকারী মোঃ আবুল হাসেম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *