ফরিদপুর ব্যুরো
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা প্রতিষ্ঠায় এক দশকেরও বেশি সময় ধরে কাজ করে আসার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্পাইনাল কর্ড ইনজুরি ফাউন্ডেশন (বি-স্ক্যান) আয়োজিত বি-স্ক্যান চেঞ্জমেকার অ্যাওয়ার্ড ২০২৬-এর জন্য মনোনীত হয়েছেন ফরিদপুরের বিশিষ্ট প্রতিবন্ধী অধিকারকর্মী, সমাজসংগঠক ও উদ্যোক্তা বিপ্লব কুমার মালো।বি-স্ক্যান ২০১৬ সাল থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন, অন্তর্ভুক্তি ও নেতৃত্ব বিকাশে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও সংগঠনকে জাতীয় পর্যায়ে এ সম্মাননা প্রদান করে আসছে। আয়োজকদের তথ্যমতে, ২০২৬ সালের অ্যাওয়ার্ডের জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিবন্ধী অধিকারকর্মী ও উদ্যোক্তাদের প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। অনলাইন ভোট এবং বিশেষজ্ঞ জুরি বোর্ডের মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হবে।বিপ্লব কুমার মালো ২০১২ সালে প্রতিষ্ঠা করেন গ্রাম উন্নয়ন সংস্থা (ভি.ডি.ও.)। বর্তমানে সংগঠনটির সঙ্গে ৭৮২ জন প্রতিবন্ধী ব্যক্তি সদস্য হিসেবে যুক্ত রয়েছেন। তাঁর নেতৃত্বে ক্ষুদ্রঋণ, কারিগরি ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান এবং ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বহু প্রতিবন্ধী ব্যক্তি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পেয়েছেন।ফরিদপুরে তাঁর প্রতিষ্ঠিত প্রশিক্ষণকেন্দ্রে নিয়মিত বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিসঅ্যাবিলিটি (সিএসআইডি), বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় তথ্যপ্রযুক্তি, জীবিকায়ন, উদ্যোক্তা উন্নয়ন ও অধিকারভিত্তিক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছেন তিনি।সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ বিপ্লব কুমার মালো ২০১৪ সালে যুব উন্নয়ন পদক এবং ২০১৬ সালে মাদার তেরেসা পদক লাভ করেন।মনোনয়ন প্রসঙ্গে বিপ্লব কুমার মালো বলেন, “এটি আমার ব্যক্তিগত অর্জন নয়। এটি প্রতিবন্ধী মানুষের অধিকার, অন্তর্ভুক্তি ও মর্যাদা প্রতিষ্ঠার দীর্ঘদিনের সংগ্রামের একটি স্বীকৃতি। এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।”তিনি জানান, আগামী ২৪ জুলাই ২০২৬ পর্যন্ত অনলাইনে ভোট গ্রহণ চলবে। সবার সমর্থন ও একটি করে ভোট তাঁকে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সমতা ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠারের লক্ষ্যে আরও উৎসাহিত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
