ePaper

ফুলগাজীর দরবারপুর থেকে ২৪টি মাদক মামলার আসামি ইব্রাহিম ৪১ পিস ইয়াবাসহ ফের গ্রেফতার, আটক সহযোগীও

ফুলগাজী, ফেনী প্রতিনিধি

ফেনীর ফুলগাজী উপজেলায় পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে ২৪টি মাদক মামলার আসামি হিসেবে পরিচিত কথিত পেশাদার মাদক ব্যবসায়ী মো. ইব্রাহিম (৫০) ও তার সহযোগী ইমরান হোসেন (৩৫)কে ৪১ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (৭ জুন ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফুলগাজী উপজেলার পুরাতন মুন্সিরহাট-ফতেপুর সড়কের মাথা এলাকায় মাদক কেনাবেচার সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতার ইব্রাহিম দরবারপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. মোস্তফা। অপরদিকে ইমরান হোসেন আমজাদহাট এলাকার উত্তর ধর্মপুর গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম সেরাজুল হক। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক দুজনই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর মধ্যে ইব্রাহিমের বিরুদ্ধে ফুলগাজী থানায় পূর্বে ২৪টি মাদক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে কয়েকটি বিচারাধীন রয়েছে এবং কয়েকটিতে তিনি সাজাও ভোগ করেছেন। এছাড়া ইমরানের বিরুদ্ধে দুটি চুরির মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আইনগত প্রক্রিয়া শেষে সোমবার তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফুলগাজী  থানার অফিসার ইনচার্জ এস এম মিজানুর রহমান জানান , মাদক নির্মূল ও অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *