নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ রেলওয়ে একটি ঐতিহ্যবাহী সরকারি সেবাধর্মী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন হতে বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন সীমাবদ্ধতার মাঝেও সুনামের সাথে সেবা প্রদান করে আসছে।গত ২১ জুলাই (২০ জুলাই দিবাগত রাতে) ঢাকা হতে রাজশাহীগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের সাথে বাংলাদেশ রেলওয়ের একজন কর্মচারীর একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটে। ঘটনার প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কতিপয় ছাত্র/ছাত্রী রেলপথ অবরোধ করে এবং রাজশাহী থেকে বিভিন্ন রুটে গমনকারী ও বিভিন্ন রুট থেকে রাজশাহী অভিমুখে আগত ট্রেন চলাচলে বাধা প্রদান করে। সকাল ৭:০০ হতে বিকাল ১৫:৫৫ পর্যন্ত তারা রেলপথ অবরোধ চলমান রাখে। ফলশ্রুতিতে মুমূর্ষু ও অসুস্থ যাত্রী, বিদেশগামী যাত্রী (যারা ঢাকা হতে বিভিন্ন দেশে যেতে চান) এবং মহিলা ও শিশু যাত্রী তথা সাধারণ যাত্রীগণ অবর্ণনীয় ভোগান্তিতে পড়েন। বর্ণিত অবরোধের কারণে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন গন্তব্যের ১০ টি আন্তঃনগর ট্রেন এবং ০৯ টি কমিউটার ট্রেন সর্বনিম্ন ১:০০ ঘন্টা হতে সর্বোচ্চ ৮:১০ ঘন্টা বিলম্বিত হয়। এছাড়া ০২টি আন্তঃনগর ও ৪ টি কমিউটার ট্রেনের যাত্রা বাতিল করা হয়। এতে বিভিন্ন স্টেশনে ও ট্রেনে প্রায় ২০ হাজার যাত্রী দুর্ভোগের সম্মুখীন হন এবং বাংলাদেশ রেলওয়ের আনুমানিক ৩৫,০০,০০০/- (পঁয়ত্রিশ লক্ষ) টাকা রাজস্ব ক্ষতি সংঘঠিত হয়। সম্মানিত যাত্রীসাধারনের এই অনাকাঙ্খিত ভোগান্তির জন্য বাংলাদেশ রেলওয়ে আন্তরিকভাবে দুঃখিত।
