নবচেতনা ধর্ম ও জীবন ডেস্ক : মানুষের চোখে অনেক কিছুই ফেলনা, অপ্রয়োজনীয় কিংবা মূল্যহীন। কিন্তু বাস্তবে মহান আল্লাহর সৃষ্টিজগতে কোনো কিছুই একেবারে উদ্দেশ্যহীন নয়।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘আর আসমান, জমিন এবং এ দুইয়ের মধ্যে যা আছে তা আমি অনর্থক সৃষ্টি করিনি।’ (সুরা : সোয়াদ, আয়াত : ২৭)
সঠিক জ্ঞান, গবেষণা ও ব্যবহারবিধি জানা থাকলে আপাতদৃষ্টিতে মূল্যহীন অনেক উপাদানও মানুষের কল্যাণ ও অর্থনৈতিক সমৃদ্ধির মাধ্যম হতে পারে। প্রয়োজন শুধু সৃষ্টির রহস্য উপলব্ধি করা এবং সেগুলো কাজে লাগানোর যোগ্যতা অর্জন করা। যেমন আমরা সাধারণত মাছের আঁশকে বর্জ্য মনে করে ফেলে দিই।
অথচ গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবরের তথ্য মতে, সেই মাছের আঁশ থেকেই এখন বছরে শত শত কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। মাছের আঁশে থাকা কোলাজেন খাদ্য, ওষুধ, প্রসাধনী ও ফুড সাপ্লিমেন্ট তৈরিতে ব্যবহৃত হয়। এমনকি উন্নত প্রযুক্তিতে বিদ্যুৎ উৎপাদন ও ব্যাটারি তৈরির গবেষণায়ও এর ব্যবহার রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগৃহীত মাছের আঁশ রপ্তানি হচ্ছে জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে।
একইভাবে গরু-মহিষের নাড়িভুঁড়ি, বিশেষ করে ওমাসম বা তৃতীয় পাকস্থলী, একসময় উচ্ছিষ্ট হিসেবে খাল-বিল ও ডোবায় ফেলে দেওয়া হতো। অথচ বর্তমানে তা প্রক্রিয়াজাত করে এই উপাদান এখন রপ্তানিপণ্যে পরিণত হয়েছে। প্রতিবছর বাংলাদেশ থেকে কয়েক শ কোটি টাকার সমমূল্যের নাড়িভুঁড়ি বিদেশে রপ্তানি হচ্ছে। চীন, হংকং, থাইল্যান্ড ও ভিয়েতনামে এর উল্লেখযোগ্য চাহিদা রয়েছে। একই ভাবে প্রকৃতির আরেকটি উপাদান পদ্মফুল।
আমাদের দেশে এই ফুলকে খুব মূল্যবান কিছু মনে করা হয় না। অথচ গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, পদ্মের ডাঁটা থেকে পাওয়া সূক্ষ্ম তন্তু দিয়ে তৈরি হচ্ছে বিশ্বের অন্যতম দামি সুতা ‘লোটাস সিল্ক’। এটি মসলিনের মতো একজাতীয় মিহি সুতা। আন্তর্জাতিক বাজারে এই সুতার বেশ কদর রয়েছে। জানা যায়, প্রতি কেজি লোটাস সুতার দাম দুই হাজার থেকে তিন হাজার ৫০০ ডলার পর্যন্ত। এ সুতায় তৈরি শাড়ির দাম ১০ লাখ টাকারও বেশি হতে পারে। সুবহানাল্লাহ!
এমন উদাহরণ আমাদের একটি গুরুত্বপূর্ণ সত্যের সামনে দাঁড় করায়। আমরা কোনো কিছুর উপকারিতা জানি না বলে সেটি মূল্যহীন হয়ে যায় না; বরং অনেক সময় আমাদের অজ্ঞতাই কোনো সম্পদের যথাযথ ব্যবহার থেকে বঞ্চিত রাখে।
পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, ‘তিনিই জমিনে যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তারপর আসমানের প্রতি খেয়াল করলেন এবং তাকে সাত আসমানে সুবিন্যস্ত করলেন। আর সবকিছু সম্পর্কে তিনি সম্যক জ্ঞাত।’ (সুরা বাকারাহ, আয়াত : ২৯)
এ আয়াত মানুষকে সৃষ্টিজগতের উপাদানগুলো থেকে বৈধ ও কল্যাণকর উপায়ে উপকৃত হওয়ার কথা স্মরণ করিয়ে দেয়। এ জন্য গবেষণা, জ্ঞানচর্চা ও উদ্ভাবনের বিকল্প নেই। যে সমাজ সৃষ্টির উপাদানগুলোকে নতুনভাবে চিনতে শেখে, সে সমাজ নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে।
তবে সৃষ্টির উপকার গ্রহণের অর্থ তার অপব্যবহার নয়। কোনো সম্পদ কাজে লাগাতে গিয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট করা কিংবা অন্য সৃষ্টির ক্ষতি করা যাবে না। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রত্যেক প্রাণীর প্রতি দয়া প্রদর্শনে সওয়াব রয়েছে।’ (বুখারি, হাদিস : ২৩৬৩)
আমাদের চারপাশে ছড়িয়ে থাকা কত উপাদান যে অজ্ঞতা ও অবহেলায় নষ্ট হচ্ছে, অথচ সঠিক জ্ঞান ও প্রযুক্তি প্রয়োগে সেগুলো মানুষের কর্মসংস্থান, শিল্পায়ন ও জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারে!
মহান আল্লাহর সৃষ্টিতে কোনো কিছুই উদ্দেশ্যহীন নয়। অনেক কিছুই আমাদের কাছে ফেলনা, কারণ আমরা এখনো তার যথাযথ ব্যবহার শিখিনি। তাই কোনো কিছুকে অবহেলা করার আগে তার সম্ভাবনা অনুসন্ধান করা প্রয়োজন। সৃষ্টির রহস্য অনুধাবন, জ্ঞানচর্চা ও কল্যাণকর উদ্ভাবনের মধ্য দিয়েই আল্লাহর দেওয়া অসংখ্য নিয়ামতের যথার্থ মূল্যায়ন সম্ভব। মহান আল্লাহ আমাদের সবাইকে তাঁর দেওয়া নিয়ামতের মর্ম বোঝা ও শোকর আদায়ের তাওফিক দান করুন। আমিন।
নবচেতনা/এআর


