আল আমিন কুষ্টিয়া : ১৬৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কুষ্টিয়ার জগতি রেলস্টেশনে। জানা গেছে, ১৬৪ বছরেও অবহেলায় দেশের প্রথম রেলস্টেশন, রেল দিবসেও নেই আয়োজন কুষ্টিয়ার জগতি রেলস্টেশ ১৬৪ বছরের ঐতিহ্য ধারণ করে দাঁড়িয়ে থাকা কুষ্টিয়ার জগতি রেলস্টেশন আজ চরম অবহেলা ও বেহাল দশার শিকার। ১৮৬২ সালের ১৫ নভেম্বর দর্শনা থেকে জগতি পর্যন্ত ৫৩ দশমিক ১১ কিলোমিটার রেলপথ চালুর মধ্য দিয়ে বর্তমান বাংলাদেশে রেলযুগের সূচনা হয়েছিল। দেশের রেল যোগাযোগের এ স্থাপনা ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বহন করলেও, আজ তা সংস্কারের অভাবে ধ্বংসের মুখে। জরাজীর্ণ ভবন, বন্ধ টিকিট কাউন্টার এবং জনবল সংকটের কারণে নামমাত্র চালু থাকা এই স্টেশনটি জাতীয় রেল দিবসেও উপেক্ষিত থেকেছে, যা ক্ষুব্ধ করেছে স্থানীয় ইতিহাসপ্রেমী ও সাধারণ মানুষকে।১৫ নভেম্বর জাতীয় রেল দিবস হলেও দেশের রেল যোগাযোগের ইতিহাসের সূতিকাগার এই জগতি রেলস্টেশনে নেই দিবসটি উদযাপনের কোনো আয়োজন। যে স্টেশনকে ঘিরে বাংলাদেশের রেলযাত্রার ইতিহাস, সেই স্টেশনেই দিবসটি যেন নীরবেই পার হয়েছে।
সার্বিক পরিস্থিতি ও কেন দিবসটি পালন করা হলো না এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ে কর্তৃপক্ষ এড়িয়ে যান।দিবসটি উদযাপনের বিষয়ে জানতে চাইলে পাকশীর সহকারী পরিবহন কর্মকর্তা-২ (এটিও) জানান, এ বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না। বিস্তারিত জানতে ব্যবস্থাপকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।
সরেজমিনে কুষ্টিয়ার জগতি রেলস্টেশন ঘুরে দেখা যায়, স্টেশনের ঐতিহাসিক দ্বিতল ভবনের দেয়ালে বড়বড় ফাটল। ছাদের বিভিন্ন অংশের কংক্রিট খসে পড়ছে। ছাদ ও দেয়ালের ফাঁকে জন্মেছে গাছপালা। ভবনের বিভিন্ন স্থানে পলেস্তারা উঠে গিয়ে বেরিয়ে পড়েছে ইট। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পুরো স্থাপনাটি জরাজীর্ণ হয়ে পড়েছে। ভবনের দ্বিতীয় তলার ছাদের বিম ও পলেস্তারা ভেঙে পড়ার মতো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোনো সময় দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয়রা।
শুধু মূল ভবন নয়, স্টেশনের অন্যান্য স্থাপনাও রয়েছে বেহাল। যাত্রীদের ব্যবহারের অপেক্ষা কক্ষটি ভেঙে পড়েছে। প্ল্যাটফর্মের বিভিন্ন অংশ নষ্ট হয়ে গেছে। একসময় বাষ্পচালিত ইঞ্জিনে পানি সরবরাহের কাজে ব্যবহৃত ঐতিহাসিক পানির ট্যাংকটিও এখন ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়ে আছে। পুরোনো অফিসকক্ষগুলোর বেশির ভাগই তালাবদ্ধ ও পরিত্যক্ত। কোথাও ইতিহাসের স্মৃতি, কোথাও অবহেলার চিহ্ন।
উত্থান থেকে মৃত্যুদণ্ড, কুষ্টিয়ার একচ্ছত্র ক্ষমতার কেন্দ্রে ছিলেন হানিফ
বর্তমানে জগতি রেলস্টেশনের নিয়মিত কার্যক্রম প্রায় বন্ধ। টিকিট কাউন্টার বন্ধ থাকায় স্টেশন থেকে টিকিট সংগ্রহের সুযোগ নেই। স্টেশন মাস্টারের কক্ষেও নেই নিয়মিত কার্যক্রম। যাত্রীদের ওঠানামার সময় ট্রেন থামলেও সার্বিক স্টেশন ব্যবস্থাপনা বলতে কার্যত কিছুই নেই। বর্তমানে মাত্র দুজন গেটম্যান আব্দুর রাজ্জাক ও সাজ্জাদ হোসেন দায়িত্ব পালন করছেন। কাগজে-কলমে স্টেশনে স্টেশন মাস্টারসহ প্রয়োজনীয় জনবল থাকার কথা থাকলেও বাস্তবে সেই জনবল নেই। দুই স্টেশন মাস্টারের মধ্যে একজন মিজানুর রহমান বর্তমানে চুয়াডাঙ্গায় দায়িত্ব পালন করছেন। অন্যজনও এখানে দায়িত্ব পালন করছেন না।
স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, জগতি স্টেশনের অবস্থা খুবই জরাজীর্ণ। ভবনগুলো অনেক পুরোনো। কাগজে-কলমে এখানে অনেক স্টাফ থাকার কথা। কিন্তু আমি বর্তমানে চুয়াডাঙ্গায় দায়িত্ব পালন করছি। জগতি স্টেশনের দায়িত্ব এখনো কাউকে দেয়া সম্ভব হয়নি। স্টেশনের গেটম্যান সাজ্জাদ হোসেন বলেন, যাত্রী ওঠানামার সময়টুকু ছাড়া স্টেশনটি কার্যত বন্ধ থাকে। বর্তমানে এখানে দিনে ছয়বার ট্রেন থামে। কিন্তু স্টেশনের স্বাভাবিক কার্যক্রম নেই।
একসময় ২৬ জন কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করতেন এই স্টেশনে। সময়ের ব্যবধানে সেই জনবল কমতে কমতে এখন হাতেগোনা কয়েকজনে এসে ঠেকেছে। পর্যাপ্ত কর্মী ও যাত্রীসেবার অভাবে ঐতিহাসিক স্টেশনটির গুরুত্বও ক্রমেই কমে যাচ্ছে।
বর্তমানে জগতি স্টেশনে কয়েকটি লোকাল ও কমিউটার ট্রেন যাত্রাবিরতি দেয়। গোয়ালন্দ কমিউটার-২, গোয়ালন্দ কমিউটার-৩, গোয়ালন্দ কমিউটার-৪ এবং নকশিকাঁথাসহ কয়েকটি ট্রেনের যাত্রাবিরতি রয়েছে। তবে কোনো আন্তঃনগর ট্রেন এখানে থামে না। ফলে দেশের প্রথম রেলস্টেশন হয়েও আন্তঃনগর ট্রেনের যাত্রীসেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় মানুষ। ঐতিহাসিক গুরুত্বের তুলনায় স্টেশনটির বর্তমান রেলসেবা অত্যন্ত সীমিত।
স্থানীয়দের কাছে জগতি রেলস্টেশন কেবল একটি যাতায়াতের জায়গা নয়, এটি স্মৃতি ও আবেগের অংশ। একসময় এই স্টেশনকে কেন্দ্র করে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, আনন্দ-বিনোদন ও যোগাযোগের নানা স্মৃতি তৈরি হয়েছিল।
১৬৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কুষ্টিয়ার জগতি রেলস্টেশনে



