আলফাডাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা : রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরকারি কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্ত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হাবিব। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা। এ সময় কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ২ হাজার ৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও সার দেয়া হবে। এর মধ্যে ১ হাজার ৯০০ জন কৃষক পাবেন ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। ৫৩০ জন কৃষক পাবেন ৫ কেজি মসুরের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার। এ ছাড়া ১৮০ জন কৃষক পাবেন খেসারির বীজের সঙ্গে ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার। বাকি ৪০ জন কৃষক পাবেন ২০ কেজি গমের বীজ, ৩৫ কেজি ইউরিয়া, ২০ কেজি টিএসপি ও ১৮ কেজি এমওপি সার।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হাবিব বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং অধিক ফলন নিশ্চিত করতে সরকার বিনামূল্যে বীজ ও সারসহ বিভিন্ন কৃষি প্রণোদনা দিয়ে যাচ্ছে। এ ধরনের উদ্যোগের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা সরাসরি উপকৃত হবেন। তিনি কৃষকদের উন্নত জাতের বীজ ও সারের সঠিক ব্যবহার নিশ্চিত করে অধিক ফসল উৎপাদনের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা বলেন, রবি মৌসুমে ফসলের আবাদ বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন খরচ কমাতে এ প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। তিনি প্রণোদনার বীজ ও সার যথাযথভাবে ব্যবহার করে অনাবাদি জমি চাষের আওতায় আনার পাশাপাশি অধিক ফলন নিশ্চিত করতে কৃষকদের প্রতি আহ্বান জানান।
কৃষি বিভাগের এ উদ্যোগের ফলে রবি মৌসুমে ফসলের আবাদ বৃদ্ধি, কৃষকের উৎপাদন ব্যয় হ্রাস এবং সামগ্রিক কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আলফাডাঙ্গায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ




