স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ বন্ধের প্রতিবাদ এবং উন্নত জনস্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন

আশরাফ আলী হাওলাদর : ১৮ নভেম্বর ২০২৬ বুধবার সকাল ১০.৩০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ বন্ধের প্রতিবাদ, পুনরায় চালু এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের দাবিতে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সিপিবি’র সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, সারাদেশে স্বাস্থ্য ব্যবস্থায় নাজুক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত চিকিৎসার অভাবে যেখানে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করছে সেখানে সাধারণ নাগরিকের জন্য অনলাইনে বিনামূল্যে চিকিৎসা সেবা বন্ধ করে দেয়া এক প্রকার মানবাধিকার লংঘন। আন্তর্জাতিক এবং বাংলাদেশের সরকারের প্রধানতম মৌলিক অধিকারের মধ্যে অন্যতম চিকিৎসা সেবা প্রদান করা। যেখানে সরকার লক্ষ কোটি টাকা দিয়ে বিমান কিনতে পারছে সেখানে সাধারণ নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা সেবা কেন দিতে পারবে না ? তিনি অনতিবিলম্বে ১৬২৬৩ চালু করার দাবি জানান।

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক পরিচালক খালিদ আবু নাসের বলেন, সরকারের নির্বাচনী ম্যানিফেস্টুতে এবং নির্বাচনের অঙ্গীকার ছিল সাধারণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। সেখানে এই ফোনকলের মাধ্যমে যেখানে প্রায় ৩ কোটি সাধারণ জনগোষ্ঠি উপকৃত হয়েছে তা বন্ধ করা অত্যন্ত দুঃখজনক। তিনি সরকার প্রধানকে বিষয়টি দ্রুত পুনরায় চালু করার আহ্বান জানান। অন্তর্বর্তী সরকারের সময় চিকিৎসা সেবা নিতে না পারার কারণে প্রায় ১১৭৭টি মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে। তাই অনলাইনে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা অত্যন্ত জরুরী হয়ে পড়েছে।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ বলেন, আজ আমরা এখানে দাঁড়িয়েছি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়; আমরা দাঁড়িয়েছি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার অধিকার প্রতিষ্ঠার দাবিতে। আমাদের প্রশ্ন, যে দেশে একজন সাধারণ মানুষ মাত্র একটি ফোনকলের মাধ্যমে চিকিৎসকের পরামর্শ পেতে পারেন, যে সেবা প্রত্যন্ত অঞ্চলের মানুষ, দরিদ্র পরিবার, নারী, শিশু ও বয়স্ক নাগরিকদের জন্য আশীর্বাদ হয়ে উঠেছিল, সেই স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ কেন বন্ধ হয়ে যাবে? ২০১৫ সালে চালু হওয়া এই সেবা প্রায় ১১ বছর ধরে লাখ লাখ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রায় তিন কোটি ফোনকলের উত্তর দেওয়ার মধ্য দিয়ে এই সেবা মানুষের আস্থা অর্জন করেছে। করোনাকালে যখন মানুষ হাসপাতালে যেতে ভয় পেতেন, তখন এই হটলাইন ছিল অনেকের ভরসার জায়গা। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে চুক্তির মেয়াদ, অর্থ পরিশোধ এবং প্রশাসনিক জটিলতার কারণে গত ১২ নভেম্বর এই সেবা বন্ধ হয়ে যায়। আমাদের প্রশ্ন, সরকারি একটি জনসেবামূলক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে অর্থ বরাদ্দ ও চুক্তি ব্যবস্থাপনার দায়িত্ব যাদের, তাঁদের ব্যর্থতা বা সমন্বয়হীনতার খেসারত সাধারণ মানুষ কেন দেবে? জনগণের স্বাস্থ্যসেবা কোনো বাণিজ্যিক চুক্তির কাছে জিম্মি থাকতে পারে না।

আমরা মনে করি, সরকার চাইলে এই সেবাকে আগের চেয়েও অনেক উন্নত করতে পারে। প্রযুক্তির এই যুগে শুধু একটি কল সেন্টার পরিচালনা করাই যথেষ্ট নয়। বরং আধুনিক টেলিমেডিসিন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রাথমিক স্বাস্থ্য তথ্য, ভিডিও কনসালটেশন, ডিজিটাল প্রেসক্রিপশন এবং হাসপাতাল রেফারেল ব্যবস্থার সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ জাতীয় ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম গড়ে তোলা সম্ভব। আমরা চাই না শুধু একটি পুরোনো সেবা কোনো রকমে চালু থাকুক। আমরা চাই, সাধারণ মানুষ আরও ভালো সেবা পাক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৬২৬৩ সেবা পুনরায় চালুর উদ্যোগের খবরকে আমরা ইতিবাচকভাবে দেখছি। কিন্তু সাময়িকভাবে চালু করার ঘোষণা যথেষ্ট নয়। এই সেবার স্থায়িত্ব, অর্থায়ন, জবাবদিহি ও মান নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের দাবিসমূহ: ১. স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ অবিলম্বে পূর্ণাঙ্গভাবে চালু করতে হবে এবং ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে হবে ২. প্রকল্পনির্ভর ও অনিশ্চিত অর্থায়নের পরিবর্তে জাতীয় বাজেটে এই সেবার জন্য স্থায়ী বরাদ্দ রাখতে হবে ৩. বেসরকারি প্রতিষ্ঠানকে দিয়ে পরিচালনা করা হলে চুক্তির স্বচ্ছতা, বিল পরিশোধ, কর্মীদের বেতন এবং সেবার মান নিশ্চিত করতে হবে। প্রয়োজনে সরকার নিজস্ব ব্যবস্থাপনায় আরও উন্নত সেবা চালুর উদ্যোগ নেবে ৪. চিকিৎসকের সংখ্যা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়িয়ে ফোনকলের অপেক্ষার সময় কমাতে হবে ৫. মোবাইল ফোনের পাশাপাশি অ্যাপ, ওয়েবসাইট, ভিডিও কল এবং এসএমএসের মাধ্যমে চিকিৎসা পরামর্শ ও স্বাস্থ্য তথ্য পাওয়ার ব্যবস্থা করতে হবে ৬. জরুরি রোগী শনাক্তকরণ, অ্যাম্বুলেন্স, রক্তের তথ্য এবং নিকটবর্তী হাসপাতালের সঙ্গে কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তুলতে হবে ৭. রোগীর ব্যক্তিগত তথ্য ও চিকিৎসাসংক্রান্ত তথ্যের গোপনীয়তা এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে ৮. সেবার মান, কলের সংখ্যা, অভিযোগ নিষ্পত্তি ও অর্থ ব্যয়ের তথ্য নিয়মিত জনসমক্ষে প্রকাশ করতে হবে ৯. স্বাস্থ্য বাতায়নের পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবা সম্প্রসারণ করতে হবে।

আমরা সরকারকে মনে করিয়ে দিতে চাই, স্বাস্থ্যসেবা কোনো দয়া বা অনুগ্রহ নয়; এটি নাগরিকের মৌলিক মানবিক অধিকার। একজন দরিদ্র মানুষ চিকিৎসকের কাছে যাওয়ার আগে যদি একটি ফোনকলের মাধ্যমে প্রাথমিক পরামর্শ পান, সেটি তাঁর অর্থ, সময় ও ভোগান্তি কমায়। এই সেবার গুরুত্ব শুধু অর্থনৈতিক হিসাব দিয়ে পরিমাপ করা সম্ভব নয়। সরকারের কাছে আমাদের আহ্বান, কোনো প্রশাসনিক জটিলতা কিংবা অর্থ বরাদ্দের সমস্যার কারণে যেন আর কখনো জনগুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা বন্ধ না হয়। একটি সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে বিকল্প প্রতিষ্ঠান, সরকারি ব্যবস্থাপনা কিংবা নতুন প্রযুক্তিগত সমাধান প্রস্তুত রাখতে হবে। আমরা চাই, বাংলাদেশ এমন একটি ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলুক, যেখানে একজন প্রত্যন্ত গ্রামের নাগরিকও শহরের নাগরিকের মতো চিকিৎসকের প্রাথমিক পরামর্শ পাওয়ার সুযোগ পাবেন।

আমাদের স্লোগান— “স্বাস্থ্যসেবা বন্ধ নয়, আরও উন্নত করতে হবে” “জনগণের স্বাস্থ্য অধিকার, নিশ্চিত করতে হবে” “১৬২৬৩ শুধু চালু নয়, আধুনিক ও কার্যকর করতে হবে”

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন প্রকৌশলী হাবিব ভূইয়া, ক্যাবের কেন্দ্রীয় সদস্য শফিকুল ইসলাম, গ্রীণ পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান, আশরাফ ভূইয়া, বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, ক্যাবের নির্বাহী সদস্য আনোয়ার হোসেন, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এম.এ ভাসানী, সংগঠনের কেন্দ্রীয় সদস্য কাজী আমান উল্লাহ মাহফুজ -সহ বিশিষ্ট রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।